দু'বছরের জট আলগা মাত্র ২ মাসে! নয়া সরকারের ম্যাজিকে ২.২৬ কোটির সড়ক প্রকল্পে খুশির হাওয়া মালদহে
News18 বাংলা | ২৫ জুন ২০২৬
: শিলান্যাস হলেও দীর্ঘ দুই বছর আটকে ছিল রাস্তার কাজ! অবশেষে নতুন সরকারের উদ্যোগে হাসি ফুটল গ্রামবাসীর। দীর্ঘ প্রতীক্ষিত প্রায় চার কিলোমিটার রাস্তার কাজের সূচনা হল মালদহের হরিশ্চন্দ্রপুরে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় ভালুকা রেলগেট থেকে শুক্রবাড়ি পর্যন্ত এই রাস্তা নির্মাণে ব্যয় হবে প্রায় ২ কোটি ২৬ লক্ষ ৭০ হাজার টাকা। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে।
এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের সূচনা করেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। তিনি জানান, দুই বছর আগে প্রকল্পের টেন্ডার ও অর্থ বরাদ্দ হলেও জমি-সংক্রান্ত সমস্যার কারণে কাজ এগোয়নি। তাঁর দাবি, পূর্ববর্তী সময়ে বিভিন্ন অজুহাতে উন্নয়নমূলক কাজ আটকে রাখা হয়েছিল। এমনকি বরাদ্দ অর্থ অপব্যবহারেরও চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে সমস্যার সমাধান হওয়ায় রাস্তার কাজ শুরু হয়েছে এবং এটি সম্পূর্ণ হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা মইনুল হক বলেন, “রাস্তার জন্য বহুদিন ধরে অপেক্ষা করতে হয়েছে। টেন্ডার হওয়ার পরও কাজ শুরু না হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েও সমাধান মেলেনি। অবশেষে কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তার কারণে যাতায়াতে নিত্য সমস্যার মুখে পড়তে হতো। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এখন দ্রুত রাস্তার কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে এলাকার মানুষের সুবিধা বাড়বে বলে আশাবাদী এলাকার বাসিন্দারা।