• মাস খানেক পরেই বিয়ে, লখনউয়ের বিধ্বংসী আগুনে সব শেষ! কফিনবন্দি হয়ে ফিরল নামখানার সৌমাল্যর দেহ
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • : লখনউয়ের আগুনে মৃত নামখানার দ্বারিকনগর এলাকার যুবক। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ইতিমধ্যেই নামখানার যুবক সৌমাল্য বেরার কফিনবন্দি নিথর দেহ পৌঁছেছে বাড়িতে। মাসখানেক পরেই তার বিয়ের কথা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু তার আগেই সব শেষ।

    মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সৌমাল্য বরাবরই মেধাবী। স্থানীয় নামখানা ইউনিয়ন হাইস্কুলে পড়াশোনা করেছেন। উচ্চমাধ্যমিক পাশ করেন ২০১৯ সালে। বছর চারেক আগে লখনৌয়ে কার্টুন ও অ্যানিমেশনের কাজ শুরু করেন। চাকরি নেন ‘হেড হপার স্টুডিওজ়’-এ। মাস খানেক আগে বিধানসভা ভোটের সময়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন তিনি। তার পরে আবার ফিরে যান লখনউয়ে।

    লখনউয়ের অলিগঞ্জের আবাসনের দোতলায় ছিল ‘হেড হপার স্টুডিওজ়’। সেখানেই কাজ করতেন সৌমাল্য। গত সোমবার ওই বিল্ডিংয়েই আগুন লেগে যায়। নীচে একটি পেট শপ ছিল। দোতলায় স্টুডিও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথমে গ্রাউন্ড ফ্লোরের পেট শপেই আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।

    টেলিভিশনে অগ্নিকাণ্ডের খবর দেখেই সৌমাল্যর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁর বাড়ির লোকজন। কিন্তু কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে লখনৌয়ের স্থানীয় থানা থেকে নামখানার বাড়িতে ফোন করে সৌমাল্যর মৃত্যুর খবর জানানো হয়। নামখানার দ্বারিনগর এলাকার বাড়িতে বছর পঁচিশের তরতাজা যুবক সৌমাল্যর নিথর দেহ পৌছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকস্তব্ধ পরিবারকে শান্তনা দিতে বাড়িতে পৌঁছেছেন গ্রামবাসীরা।
  • Link to this news (News18 বাংলা)