• আরজি কর: ‘তদন্ত একচুলও এগোয়নি’, সিবিআইয়ে বিরক্ত হাইকোর্ট, IO-কেও সরানোর নির্দেশ
    এই সময় | ২৫ জুন ২০২৬
  • আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু চলতি মাসে উচ্চ আদালতের সেই নির্দেশের পরেও সেই ভাবে তদন্তের অগ্রগতি হয়নি জানিয়ে বৃহস্পতিবার বিরক্তি প্রকাশ করল হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, নতুন করে তদন্তের নির্দেশ দেওয়ার সময়ে সিটও গড়ার কথাও বলেছিল আদালত। বৃহস্পতিবার সেই সিটের তদন্তকারী অফিসার (IO)-কেও সরানোর নির্দেশ দিলেন বিচারপতিরা।

    এ দিনই আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই। তা খতিয়ে দেখার পরেই ডিভিশন বেঞ্চ জানায়, নতুন করে নির্দেশের পরেও তদন্ত এগোয়নি। বিচারপতিদের মন্তব্য, ‘সিবিআই ডিরেক্টর কি এখনও বুঝতে পারছেন না যে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নাকি উনি ভেবেছেন, পুরনো তদন্তই খতিয়ে দেখতে বলা হয়েছে।’ আদালতের বক্তব্য, ২০২৪ সালের অক্টোবর মাসে নিম্ন আদালতে আরজি কর মামলার চার্জশিট জমা পড়ার পরে তদন্ত একচুলও এগোয়নি। বিচারপতিদের নির্দেশ, আগামী ৬ অগস্ট তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।

    প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার কক্ষ থেকে চিকিৎসক-পড়ুয়া ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরে সেই দায়িত্ব দেওয়া হয় সিবিআই-কে। ওই ঘটনায় সঞ্জয় রায় নামে মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের সাজা দেয় শিয়ালদহ আদালত। সম্প্রতি নির্যাতিতার পরিবারের তরফে সিবিআইয়ের তদন্তে একাধিক গাফিলতির বিষয় তুলে ধরে ঘটনার পুনরায় তদন্ত করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে। যার প্রেক্ষিতে হাইকোর্ট সিবিআই-কে সিট গঠন করে পুনরায় তদন্তের নির্দেশ দেয়।

  • Link to this news (এই সময়)