বাংলায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর! কোথায় জানেন?
আজকাল | ২৫ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কলকাতার দমদম বিমানবন্দরের ওপর ক্রমশ বাড়ছে যাত্রী ও পণ্যের চাপ। এই চাপ সামাল দিতে দীর্ঘদিন ধরেই রাজ্যে একটি বিকল্প আন্তর্জাতিক বিমানবন্দরের খোঁজ চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। কল্যাণীতে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির সম্ভাবনা এবার অনেকটাই উজ্জ্বল হল।
সম্প্রতি রাজ্যের নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেটে আনুষ্ঠানিকভাবে এই বিমানবন্দর নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, কল্যাণীতে একটি আধুনিক ‘গ্রিন ফিল্ড’ বিমানবন্দর গড়ে তোলার জন্য প্রায় এক থেকে দেড় হাজার একর জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।
এই ঘোষণার পরেই কল্যাণী ও তার পার্শ্ববর্তী এলাকায় উত্তেজনা। শুধু রাজ্য সরকারই নয়, এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও এই প্রকল্প নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন।
দিন পনেরো আগেও তিনি জোর দিয়ে দাবি করেছিলেন, কল্যাণীতে বিমানবন্দর তৈরি হওয়া অপেক্ষামাত্র। ওয়াকিবহাল মহলের মতে, কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেই কল্যাণীকে ‘এভিয়েশন হাব’ করার এই মেগা পরিকল্পনা।
এর আগেও কল্যাণীতে বিমানবন্দর তৈরির কথা উঠেছিল। সেবার জমি-সহ নানা জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।
প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হতে চলেছে উন্নত সড়ক যোগাযোগ। সম্প্রতি প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে সিগন্যাল-মুক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে। এর ফলে কলকাতা বিমানবন্দর থেকে গাড়িতে মাত্র ৪০-৪৫ মিনিটেই কল্যাণীতে পৌঁছে যাওয়া যাচ্ছে। তাই নতুন বিমানবন্দরটি তৈরি হলে যাত্রী ও পণ্য পরিবহণের চাপ যে অনেকটাই কমবে, তা বলাই বাহুল্য।
প্রকল্পের পরিকল্পনা এখনও পুরোপুরি সামনে না এলেও, এই বিমানবন্দর কল্যাণীর সামগ্রিক ভোল বদলে দেবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিষয়ক ডিন রানা ঘোষের মতে, "এখানে বিমানবন্দর হলে শিক্ষা, গবেষণা ও শিল্পের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে। পড়ুয়াদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যোগাযোগ বাড়বে।"
অন্যদিকে চিকিৎসক নয়ন সরকারের বক্তব্য, "আন্তর্জাতিক বিমানবন্দর হলে কল্যাণীর যোগাযোগ ব্যবস্থা অন্য মাত্রা পাবে। ভিনরাজ্য বা বিদেশ থেকে রোগীরা খুব সহজেই কল্যাণী এইমসে চিকিৎসা করাতে আসতে পারবেন।" বাজেট ঘোষণার পর কল্যাণীর আকাশে ডানা মেলার স্বপ্নে এখন বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।