আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারি প্রশাসনে বড়সড় রদবদল। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার পদে নিযুক্ত হতে চলেছেন প্রবীণ আইএএস (IAS) অফিসার ড. কৃষ্ণ গুপ্ত। আগামী ৩০ জুন, ২০২৬ তারিখে চাকরি থেকে তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে। সেই অবসরের পর, দায়িত্বভার গ্রহণের দিন থেকেই তিনি নতুন কমিশনার হিসেবে কাজ শুরু করবেন।
পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সমন্বয় শাখার পক্ষ থেকে গত ২৩ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভারতের সংবিধানের ২৪৩কে (১) অনুচ্ছেদ এবং ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইনের ধারা মেনে রাজ্যপাল এই নিয়োগে সম্মতি দিয়েছেন। বর্তমানে ড. কৃষ্ণ গুপ্ত রাজ্য সমবায় দফতরের অতিরিক্ত মুখ্য সচিব (Additional Chief Secretary) পদে কর্মরত রয়েছেন। রাজ্য সরকারের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর সম্বলিত এই সরকারি নির্দেশিকাটি কলকাতা গেজেটে প্রকাশ করা হয়েছে।