আজকাল ওয়েবডেস্ক: তারাতলায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
বৃহস্পতিবার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কলকাতায় ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে রাজ্য সরকার দিনরাত কাজ করছে। প্রশাসনের বিভিন্ন দফতর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যুক্ত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।