• 'আমরা বেইমান নই', 'কালীঘাট তৃণমূল'-এর নতুন স্লোগান?
    আজকাল | ২৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মে থেকে জুন। দু'মাসে তৃণমূলের ভঙ্গদশা বেআব্রু হয়েছে। এখন দলের সংগঠন বাঁচিয়ে রাখাই যেন বড় দায় কালীঘাট তৃণমূলের। তার মাঝেই এগিয়ে আসছে একুশে জুলাইও। এই পরিস্থিতিতে বিজেপি নয়, কীভাবে আসল তৃণমূলের মোকাবিলা করবে কালীঘাট তৃণমূল? প্রশ্ন যেন সেটাই। 

    তার মাঝেই বৃহস্পতিবার কুণালের যে পোস্ট সামনে এল, তাতে অনেকেই মনে করছেন, মহাসংকটের দিনে, কালীঘাট তৃণমূলের স্লোগান হতে চলেছে এটাই। বৃহস্পতিবার কুণাল ঘোষ একটি ফেসবুক পোস্ট করেছেন। তাতে  লেখা, 'আমরা বেইমান নই', পোস্টারটি মূলত উত্তর কলকাতার এক কর্মিসভার। সেখানে আয়োজন, উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি কুণাল কুমার ঘোষ। পোস্টারের ক্যাপশনে কুণাল লিখেছেন, 'আজ। উত্তর কলকাতার তৃণমূল কর্মীদের সভা। যাঁরা বেইমান নন। যাঁরা দিদির সঙ্গে থাকছেন।'

    মূলত, গত কয়েকদিনে কুণাল ঘোষ, বারবার বলেছেন, এই কঠিন পরিস্থিতিতে, তিনই দলের সঙ্গে, মমতা ব্যানার্জির পাশে। মঙ্গলে বিধানসভায় বলেন, 'আমরা হেরে যেতে পারি। আমি বেইমান নই। আমরা বেইমান নই।'  

    এর আগে, ২১ জুন দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন কুণাল।  দুটি ছবিই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। ক্যাপশনেই কুণাল জানিয়েছেন, একটি ছবি ২০০৮ সালে, একটি ২০২৬ সালের। দ্বিতীয় ছবিটি অতি সম্প্রতির। হকার উচ্ছেদের প্রতিবাদে মমতা পথে নামেন বুধবার, সেদিন তাঁর পাশে ছিলেন কুণাল। দ্বিতীয় ছবিটি সেদিনেরই। কুণাল ক্যাপশনে আরও লিখেছেন, 'আঠারো বছর আগে-পরে। ২০০৮ এবং ২০২৬।' তারপরেই ঝড়-জলের বাদলা দিনে কুণাল লিখেছেন, 'ঝড়বৃষ্টি অনেক দেখেছি। আমি কিন্তু একই আছি।'

     
  • Link to this news (আজকাল)