তাঁর মাধ্যমে অভিষেকের সব তথ্য পৌঁছবে শুভেন্দুর কাছে?
আজকাল | ২৫ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাত থেকেই বেশকিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাতে বিধানসভার বিরোধী দলনেতা, বিধায়ক ঋতব্রত ব্যানার্জির সঙ্গে দেখা গিয়েছে অপর এক ব্যক্তিকে। নাম সঞ্জয় বসু।
ছবি ভাইরাল হতেই তুমুল হইচই। কেন? কে এই সঞ্জয় বসু? একাধিক পরিচয়। তাঁর মধ্যে অন্যতম, তিনই আইনজীবী। তাঁর ফার্ম তৃণমূল কংগ্রেসের হয়ে একাধিক মামলা লড়েছেন বলে খবর সূত্রের। জানা গিয়েছে আইনজীবী সঞ্জয় বসু, অভিষেক ব্যানার্জির রাজ্যের একাধিক মামলা লড়ছেন দীর্ঘদিন ধরে। এদিকে, তৃণমূল কংগ্রেস গোহারান হারার পর থেকে, অভিষেকের মাথার উপর একগুচ্ছ মামলা। কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, ডিজে মন্তব্য থেকে সই জাল। ঘনঘন হাজিরার নোটিস, তদন্তকারী আধিকারিকদের জেরা। নানা বিষয়ে মাঝে মাঝেই ছুটতে হচ্ছে আদালতের দরজায়। বর্তমান সরকার নাম না করেই, তাঁকে হুঁশিয়ারি দিচ্ছে। তার মাঝেই, তাঁরই দীর্ঘদিনের আইনজীবীর আচমকা ঋতব্রত ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে। জানা গিয়েছে, দু'জনের নানা বিষয়ে প্রায় ঘণ্টা দুই বৈঠক হয়েছে।
কারণ, ঋতব্রত তৃণমূলের বিধায়ক ঠিকই। কিন্তু একসময়ের দুই ঘনিষ্ঠ নেতার মধ্যে এখন সম্পর্কের অবনতি বিস্তর। ঋতব্রতর অবস্থান একেবারে অভিষেকের বিপরীতে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই মমতা ব্যানার্জির হাত ছেড়ে একেবারে বিধানসভায় আলাদা গোষ্ঠী তৈরি করেছেন এই ঋতব্রত। তাঁর দিকেই আবার এখন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করা। ঋতব্রত নিজে এখন অভিষেক ব্যানার্জিকে চাটার্ড অভিষেক বলে তাচ্ছিল্যের সুরে আভিহিত করেন।
তার মাঝেই, একসময়ের অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয়ের সঙ্গে, ঋতব্রতর সাক্ষাৎ নিয়ে, জল্পনা তুঙ্গে। তবে এক মহলের মতে, এই সাক্ষাৎ একান্তই সৌজন্য সাক্ষাৎ।