• অদিতি-দেবরাজের কোন রহস্য ফাঁস করলেন তরুণজ্যোতি?
    আজকাল | ২৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী স্বস্তি পেলেও, হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে স্বামী। তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, অদিতির চার মাসের একটি শিশুসন্তান রয়েছে। এই অবস্থায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে, তাঁকে একাধিক শর্তও দিয়েছে আদালত। যেমন, এখন তিনি বিদেশে যেতে পারবেন না তিনি। পাসপোর্টও জমা রাখতে হবে। কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। আর আপাতত বাগুইআটি থানা এলাকায় ঢুকতে পারবেন না অদিতি মুন্সি। আর আদালতের এই নির্দেশের পরই অদিতি, দেবরাজকে সরাসরি নিশানা করে কটাক্ষ করলেন রাজারহাট গোপালপুরের বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি।

    ফেসবুকে তরুণজ্যোতি লিখেছেন, ''ভোটের সময় আমাকে হিন্দু শাস্ত্র মতে বিবাহের পাঠ পড়ানোর চেষ্টা করেছিলেন...স্বামীর অপরাধ মাথায় নিয়ে বলতেই পারেন এবার যে আপনার আগাম জামিন লাগবে না... যদিও ব্যক্তিগতভাবে আমি চাইনি চার মাসের বাচ্চা রেখে আপনি জেলে যান...আপনার স্বামীর খুন এবং দুর্নীতির বোঝা আপনাকে নিতে হবে না।'' (বানান অপরিবর্তীত)

    প্রসঙ্গত, এর আগে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি পৌঁছে গিয়েছিলেন। বাগুইআটিতে অদিতি মুন্সির পার্টি অফিস থেকে উদ্ধার বিপুল ত্রাণসামগ্রী। ইট দিয়ে ভেঙে ফেলা হয় পার্টি অফিসের তালা। অদিতি মুন্সির পার্টি অফিস থেকে উদ্ধার ত্রিপল, শাড়ি, ছাতা। উদ্ধার ভোট সংক্রান্ত নথিপত্রও। এরপরই তরুণজ্যোতি অভিযোগ তোলেন, অদিতি-দেবরাজ ১০০ কোটি টাকার সম্পত্তির মালিক।

    এই পরিস্থিতিতে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।  তৃণমূল নেতার আয়বহির্ভূত সম্পত্তি ১০০ কোটিরও বেশি বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি জমি হাতানো, নির্বাচনের আগে বিপুল সম্পত্তি বিক্রি, নির্বাচনী হলফনামায় সম্পত্তি না দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর টাকা লেনদেন হত বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা রাম শর্মার ব্যাঙ্কে৷ সেই তথ্য ধরে বাগুইআটি থানার পুলিশ বিহারের বেগুসারাই থেকে রাম শর্মা নামে একজনকে গ্রেফতারও করে৷ তাঁকে বারাসত আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়৷ বাগুইআটি থানার পুলিশ খতিয়ে দেখছে কী কারণে তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠাতেন দেবরাজ চক্রবর্তী এবং তার সঙ্গে কী কারণে লেনদেন হত, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

     
  • Link to this news (আজকাল)