• বৃষ্টিতে আটকে তারাতলার উদ্ধারকার্য!
    আজকাল | ২৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দুপুর গড়াতেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। কিন্তু তালা লাগানো ওই গুদামের ভেতরে এখনও কতজন শ্রমিক আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয় কারও কাছেই। 

    আপাতত বন্ধ রাখা হয়েছে উদ্ধারকাজও। দিনের বেলাতেই যেন নেমে এসেছে রাতের অন্ধকার। ঘন মেঘের সঙ্গে চলছে অবিরাম বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। 

    এই পরিস্থিতিতে ঠিক কতদিনের মধ্যে সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে, তা এখনও বুঝে উঠতে পারছেন না এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারীরা। 

    প্রসঙ্গত, বুধবার তারাতলার গোডাউনে ভয়াবহ বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান গোডাউন৷ ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রান্ত৷ আশঙ্কা ভেতরে এখনও অনেকে আটকে রয়েছেন। সারারাত উদ্ধারকাজ চলেছে। সকাল বেলা থেকেই চলছে উদ্ধারকাজ৷ এরই মধ্যে দুর্যোগে আটকে গেল সবটা। কতক্ষণে উদ্ধারকাজ সম্পূর্ণ হবে তা এখনও স্পষ্ট নয়। 

    তারাতলায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।

    বৃহস্পতিবার এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কলকাতায় ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

    প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে রাজ্য সরকার দিনরাত কাজ করছে। প্রশাসনের বিভিন্ন দফতর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যুক্ত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

    তারাতলার এই দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে অনেকেই প্রথমে বুঝে উঠতে পারেননি কী ঘটেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

    আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে গ্রেপ্তার হয়েছেন ৫ জন।

    এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভা এলাকার সমস্ত বাণিজ্যিক নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে যে নির্মীয়মাণ গুদামটির নকশাতেই ত্রুটি ছিল। তা সত্ত্বেও কীভাবে সেই নকশা অনুমোদন পেল, তা খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা থেকে ওই নকশা অনুমোদন করা হয়েছিল।
  • Link to this news (আজকাল)