আজকাল ওয়েবডেস্ক: প্রবল ঝড়-বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটল। বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় নামা-ওঠার ক্ষেত্রে সমস্যায় পড়েছে একাধিক উড়ান।
বিমানবন্দর সূত্রে খবর, আবহাওয়া খারাপ থাকায় এখনও পর্যন্ত কুড়িরও বেশি বিমানের সূচিতে রদবদল করা হয়েছে। বেশ কিছু বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করছে।
তবে দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের। বিমানবন্দর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, আবহাওয়া বিগড়ালেও এখনও পর্যন্ত বড়সড় কোনও বিপর্যয় বা বিমান বাতিলের ঘটনা ঘটেনি।
বৃষ্টি একটানা চললে রানওয়ে সংলগ্ন এলাকায় জল জমার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে খবর।
বৃহস্পতিবার বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামল সল্টলেক, কলকাতায়। কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।