কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা এড়াতে মরিয়া অভিষেক, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের 'যুবরাজ'
আজ তক | ২৫ জুন ২০২৬
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একাধিক মামলায় সবচেয়ে চাপে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে মন্তব্যের মামলায় বুধবার ফের অভিষেকের বাড়িতে হাজির হয় সিআইডি। অভিষেকের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে মঙ্গলবার বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। ওই নির্দেশের প্রতিলিপি দিতেই বুধবার রাতে ডায়মন্ড হারবারের সংসদের বাড়িতে গিয়েছিল সিআইডি। এবার এই মামলায় কন্ঠস্বর নমুনার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
ডিজে মামলায় সিআইডি-র সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ৷ এই মামলার তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে সিআইডি ৷ তার বিরুদ্ধেই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ৷ অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় সিআইডি অভিষেকের ভয়েস টেস্ট বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার আর্জি জানায় নিম্ন আদালতে ৷ ইতিমধ্যে আদালত তাতে অনুমতিও দিয়েছে ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে এদিন বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী। আদালতে অভিষেকের আইনজীবীর বক্তব্য, ওই কণ্ঠস্বর তাঁর মক্কেলেরই।
আদালতে অভিষেকের বক্তব্য, 'ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে, ওই কণ্ঠস্বর আমার। তার পরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে?' অভিষেকের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, আগামী সোমবার এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, নির্বাচনের আগে ভোট প্রচারে গিয়ে তৃণমূল সাংসদ ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়। বিধাননগর আদালতের নির্দেশ ছিল, ৩০ জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সিআইডি সেই সংক্রান্ত নোটিস দিতেই অভিষেকের বাড়িতে গিয়েছিল। আগামী মঙ্গলবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা বলা হয়েছিল তাতে ।