• হাওড়ায় গড়ে উঠছে আধুনিক ৩০০ শয্যার রেল হাসপাতাল
    দৈনিক স্টেটসম্যান | ২৫ জুন ২০২৬
  • বাংলার স্বাস্থ্য পরিকাঠামোতে আসতে চলছে এক বড় বদল। ইঙ্গিত তেমনই। আসলে হাওড়ার স্বাস্থ্য পরিকাঠামোয় এক নতুন সংযোজন হতে চলেছে অত্যাধুনিক রেল হাসপাতাল। গত ২০ জুন রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির তারকেশ্বর থেকে ভার্চুয়ালি এই হাসপাতালের শিলান্যাস করেছিলেন। সেই ঘোষণার পরই হাওড়া ময়দানে শুরু হল হাসপাতাল নির্মাণের কাজ। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী এক বছরের মধ্যেই নির্মাণকাজ সম্পূর্ণ করে হাসপাতালটি চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

    গঙ্গার তীরবর্তী হাওড়ায় বন্ধ হয়ে যাওয়া বার্ন স্ট্যান্ডার্ড কারখানার বিস্তীর্ণ জমিতেই তৈরি হচ্ছে এই নতুন অত্যাধুনিক হাসপাতাল। কারখানা চত্বরে থাকা প্রায় পাঁচ একর ফাঁকা জায়গার উপর তিনতলা এই মাল্টিস্পেশালিটি হাসপাতাল তৈরি হবে। এই হাসপাতাল তৈরির জন্য প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে ভারতীয় রেল।

    মূলত অর্থোপেডিক চিকিৎসার উপর জোর দেওয়া হলেও এটি হবে একটি পূর্ণাঙ্গ মাল্টিস্পেশালিটি হাসপাতাল। ৩০০ শয্যার এই হাসপাতালে থাকবে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সব ধরনের সুবিধা। রোগ নির্ণয়ের জন্য এমআরআই, সিটি স্ক্যান-সহ একাধিক উন্নত পরিষেবা চালু করা হবে। ফলে শুধু রেল কর্মী নয়, বৃহত্তর এলাকার বাসিন্দারাও এখানে উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।

    হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন, হাসপাতালটি প্রথমে রেল কর্মীদের জন্য চালু হলেও ধাপে ধাপে সাধারণ মানুষের জন্যও এর দরজা খুলে দেওয়া হবে। বিশেষ করে আয়ুষ্মান ভারত কার্ডধারীরা এখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন। তাঁর দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে এবং কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতাল চালু করা হবে।

    বর্তমানে হাওড়া ময়দানে রেলের যে অর্থোপেডিক হাসপাতাল রয়েছে, তার পরিবর্তেই এই নতুন হাসপাতাল চালু হবে। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত পুরনো হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে এলেও পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সেটি আর আধুনিক চাহিদা পূরণ করতে পারছে না। সেখানে শয্যা সংখ্যা ছিল ১৭৯। নতুন হাসপাতাল চালু হলে সেই সংখ্যা বেড়ে হবে ৩০০। রেল কর্তৃপক্ষের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে হাওড়া ও পার্শ্ববর্তী জেলার হাজার হাজার মানুষ উন্নত ও সুলভ চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। একই সঙ্গে রেল স্বাস্থ্যব্যবস্থারও একটি বড় আধুনিকীকরণ ঘটবে। এখন দেখার কত দ্রুত এই পরিষেবা শুরু হতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)