• যথেষ্ট প্রমাণ মিলেছে! রাম মন্দিরে চুরিতে এবার বিজেপিকে বিঁধল বিশ্ব হিন্দু পরিষদও
    প্রতিদিন | ২৫ জুন ২০২৬
  • অযোধ্যার রাম মন্দিরে চুরিকে কেন্দ্র করে এবার সম্মুখসমরে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ! ওই মামলায় দ্রুত এফআইআর দায়ের করে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করতে হবে। উত্তরপ্রদেশের মুখ্য যোগী আদিত্যনাথের কাছে দাবি ভিএইচপির। তাঁদের দাবি, মন্দিরের অনুদান ব্যবস্থাপনায় বেনিয়মের যথেষ্ট প্রমাণ মিলেছে।

    মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারের কাছে রামমন্দিরের চুরির অভিযোগের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে সিট। ওই রিপোর্টে বলা হয়েছে, মন্দির ব্যবস্থাপনার প্রায় প্রতিটি স্তরে গলদ রয়েছে। সেটা দর্শণার্থীদের সিকিউরিটি চেক থেকে শুরু করে, দানবাক্স থেকে টাকা বের করা টাকা গোনা। সর্বত্র বদল দরকার। চুরি রুখতে সিটের তরফে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। সিটের রিপোর্ট বলছে, মন্দির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে বেনিয়মের প্রমাণ মিলেছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এফআইআর দায়ের হবে কিনা, সেটা নির্ভর করছে চূড়ান্ত তদন্তের রিপোর্টের পরই।

    সিটের ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই বিজেপির উপর খড়্গহস্ত বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপির জাতীয় সভাপতি অলোক কুমার বলছেন, “বেনিয়মের যথেষ্ট প্রমাণ মিলেছে। অবিলম্বে রামমন্দিরের চুরিতে এফআইআর দায়ের করতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে রোজ শুনানি করে এই মামলার নিষ্পত্তি করতে হবে। দোষীদের কড়া সাজার ব্যবস্থা করতে হবে।”

    কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। গোটা সিস্টেমে যে অব্যবস্থার কথা বলা হচ্ছে, সেই সিস্টেমে ঢুকে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের লোকেরাই। রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রাই নিজেও কাঠগড়ায়। তারপরও কেন ভিএইচপি এই ইস্যুতে সরব? অনেকে মনে করছেন, নিজেদের দিকে অভিযোগের আঙুল উঠছে, তাই তাঁরাও যে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাইছে সেটা বোঝাতেই এভাবে প্রকাশ্যে সরব ভিএইচপি। তাতে আবার অস্বস্তি বাড়ছে বিজেপির।
  • Link to this news (প্রতিদিন)