তোলা রুখতে দুবরাজপুরে হিরো পুলিশ, ফিল্মি কায়দায় ২ বন্দুকবাজ তৌফিক ও জামালকে পাকড়াও
প্রতিদিন | ২৫ জুন ২০২৬
দুবরাজপুরের (Dubrajpur) মেলায় পিস্তল উঁচিয়ে হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল দুই ভাইকে। বাইকের পিছনে ধাওয়া করে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ভাইয়ের নাম তৌফিক খান ও রওনক জামাল খান। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে। এলাকায় তাঁরা দুষ্কৃতী হিসেবেই পরিচিত। ধৃতদের বাড়ি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঘাট গোপালপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুবরাজপুর ব্লকের আগয়া সংলগ্ন বুজরুকি বাবার মেলায় আচমকাই হাজির হন তৌফিক ও রওনক। অভিযোগ, নাইন এমএম পিস্তল বের করে তাঁরা মেলায় আগত দর্শনার্থীদের ভয় দেখাতে থাকেন। অস্ত্রের মুখে রেখে তাঁদের কাছ থেকে জোর করে টাকা তোলা হয়। বিষয়টি জানাজানি হতেই মেলায় উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পৌঁছয় দুবরাজপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা বাইক নিয়ে চম্পট দেন। পুলিশ তাঁদের ধাওয়া করে। দাতিন থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তায় পুলিশ অভিযুক্তদের বাইকটি আটকায়। ধৃতদের তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনার পিছনে আর কেউ রয়েছে কি না তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও অভিযুক্তরা অস্ত্রটি কোথা থেকে পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।
পালাবদলের বাংলায় সমাজবিরোধী কাজ রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে পুলিশ। তোলাবাজি, অসামাজিক কাজ রুখতে তৎপরতা শুরু হয়েছে। এই সব ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়েছে পুলিশ। সেই মতো দুবরাজপুরের মেলায় বন্দুক দেখিয়ে তোলাবাজির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ময়দানে নামে তদন্তকারীরা। ফিল্মি কায়দায় বাইকের পিছনে ধাওয়া করে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।