কালো মেঘে ছেড়ে গিয়েছে শহর কলকাতার আকাশ। দুপুরে রাত করে নেমেছে বৃষ্টি। সঙ্গে সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তা সত্যি করে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি নামল মহানগরে। জানা গিয়েছে, অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। গত মঙ্গলবার বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। আজ ফের বর্ষণ।
হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপরে বিস্তৃত। তার জেরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বজ্রপাতের সময় সুরক্ষিত জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে লাগাতার বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং থেকে কোচবিহার উপরের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহ শেষে জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রয়েছে দুর্যোগের আশঙ্কা। নামতে পারে ধসও।