রাজ্য নির্বাচন কমিশনারের পদে নিয়োগ রাজ্যের, এবার দায়িত্বে কে?
প্রতিদিন | ২৫ জুন ২০২৬
দীর্ঘদিন ধরে ফাঁকা পরে থাকা রাজ্য নির্বাচন কমিশনার পদে নতুন নিয়োগ করল রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তাকে। নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আইএএস অফিসার হিসাবে চলতি মাসের ৩০ তারিখে অবসরগ্রহণের পর কৃষ্ণ গুপ্তা রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে।
রাজ্যের একাধিক পুরনিগম ও পুরসভায় প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। তার মধ্যে অন্যতম কলকাতা পুরসভা। ডিসেম্বরের মধ্যে সেই নির্বাচন করা হবে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মোতাবেক কাজ করতে গেলে রাজ্য নির্বাচন কমিশনার দরকার। কারণ স্থানীয় যেকোনও নির্বাচন অর্থাৎ পুরসভা, পুরনিগম ও পঞ্চায়েতের নির্বাচন করানোর দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনারের উপর। সেই লক্ষ্যেই রাজ্য একধাপ এগোল বলে মনে করছে ওয়াকিবহল মহল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সংবিধানের ২৪৩(কে) প্রদত্ত ক্ষমতার প্রয়োগ ও পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর ৩ ধারার উপ-ধারা (১) ও ৩এ ধারার উপধারা (১) অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের সমবায় বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ড. কৃষ্ণ গুপ্তকে (আইএএস) রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করছে। উল্লেখ্য, রাজীব সিনহার অবসরের পর থেকে এই পদ খালি ছিল। এবার সেই জায়গায় নিয়োগ করা হল আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তাকে।