• বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে প্রাণ গেল মা-ছেলের, মুহূর্তে ছারখার হাসিখুশি পরিবার
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • ভক্তিনগর থানা এলাকার ভবসিন্ধু কলোনিতে বুধবার রাতে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃত্যু হল মা ও ছেলের। মৃতদের নাম প্রমিলা রায় (৫৫) ও তাঁর বড় ছেলে রাজু রায় (২৭)। একই ঘটনায় সুনিতা সাউ নামে এক তরুণী গুরুতর আহত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, পক্ষাঘাতগ্রস্ত প্রমিলা রায় আচমকাই বিদ্যুতের সংস্পর্শে আসেন। মাকে বাঁচাতে ছুটে যান ছেলে রাজু রায়। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ছোট ছেলে তাঁদের ধরতে গেলে সেও বিদ্যুতের ধাক্কায় ছিটকে পড়ে বলে জানান মৃতার স্বামী নিরেন রায়। পরে পরিবারের সদস্যরা কোনওমতে দুজনকে সরিয়ে সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    এদিকে একই পাড়ার আরেকটি বাড়িতে সুনিতা সাউ নামে এক তরুণী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর স্বামীর অভিযোগ, বাড়ির বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করতে গিয়ে তিনি শর্ট সার্কিটের বিষয়টি জানতে পারেন। প্রতিবেশীদের সতর্ক করতে বেরিয়ে এসে জানতে পারেন, প্রমিলা ও রাজুরও একইভাবে দুর্ঘটনা ঘটেছে।

    স্থানীয়দের দাবি, গোটা এলাকায় একাধিক বাড়ির টিনের ছাদে বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়েছিল। বিদ্যুৎ দফতরে বারবার ফোন করা হলেও প্রায় আড়াই ঘণ্টা পর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন বলে অভিযোগ। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝিও বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করেন। বাসিন্দা অমল রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক দুর্ঘটনা ঘটলেও দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

    পরবর্তীতে বিদ্যুৎ কর্মীরা বাড়ি বাড়ি পরীক্ষা করে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পুলিশও বাসিন্দাদের রাতে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। কী কারণে সমগ্র এলাকাজুড়ে শর্ট সার্কিটের পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখছে বিদ্যুৎ দফতর। দুইতলা ওই বাড়িতে এখন শুধুই কান্নার রোল, আর গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও শোকের আবহ।
  • Link to this news (News18 বাংলা)