• ৩.৬১ কোটির বিলাসবহুল রিসর্ট চুরি বোলপুরে! অনুব্রত মণ্ডলের নাম জড়িয়ে বিস্ফোরক অভিযোগ চিকিৎসকের
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • : শান্তিনিকেতনে স্বাক্ষর জাল করে কোটি টাকার বিলাসবহুল রিসর্ট দখলের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের বোলপুরে। বোলপুরের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ দাসের অভিযোগ, শান্তিনিকেতনের ‘আয়াস’ নামক একটি বিলাসবহুল রিসর্টের মালিকানা থেকে জালিয়াতি করে তাঁকে বেদখল করা হয়েছে। এই বিষয়ে তিনি বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার, শান্তিনিকেতন থানা এবং ভূমি দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগকারী চিকিৎসকের দাবি, ওই রিসর্টের জমি ক্রয় এবং তা নির্মাণ করার জন্য তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৩ কোটি ৬১ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে তাঁর স্বাক্ষর জাল করে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সেই সম্পত্তি অন্য ব্যক্তিদের নামে স্থানান্তর করে দেওয়া হয়। এই প্রতারণায় সরাসরি বোলপুরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অপূর্ব মুখোপাধ্যায় এবং ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলের হাত রয়েছে বলে তাঁর অভিযোগ।

    চিকিৎসক সিদ্ধার্থ দাস আরও বিস্ফোরক দাবি করেছেন যে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে ভয় দেখানো হচ্ছিল। বীরভূমের তৎকালীন প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল এবং বিকাশ রায় চৌধুরীর নাম করে তাঁকে বারবার হুমকি দেওয়া হত, যাতে তিনি এই সম্পত্তি নিয়ে কোনও মুখ না খোলেন। সেই আতঙ্কে ও রাজনৈতিক চাপে তিনি এতদিন কোনও পদক্ষেপ করতে পারেননি এবং নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে ছিলেন।

    তবে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর, হারানো সম্পত্তি ফিরে পেতে এবং সুবিচারের আশায় নতুন করে তৎপর হয়েছেন তিনি। বর্তমান প্রশাসনের উপর আস্থা রেখে তিনি জেলাশাসক ও শান্তিনিকেতন থানার আইসির কাছে সুবিচার চেয়েছেন। অন্যদিকে, এই গুরুতর আর্থিক জালিয়াতি ও হুমকির অভিযোগ নিয়ে অভিযুক্ত সিএ বা ব্যবসায়ীর পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
  • Link to this news (News18 বাংলা)