নদিয়ার নাকাশিপাড়ায় ১১০০ বিঘা সরকারি খাস জমির মাটি এবং কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে অন্তত ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হলো কৃষ্ণনগর জেলা আদালতে। এই অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালেন মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস।
আইনজীবী জানান, নাকাশিপাড়া ২৪ নম্বর মৌজার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের (পূর্বতন ৩৪ নম্বর জাতীয় সড়ক) পাশে অবস্থিত এই ১১০০ বিঘা খাস জমির লিজের মেয়াদ ২০২০ সালেই শেষ হয়ে গিয়েছিল। অভিযোগ উঠেছে, লিজ়ের মেয়াদ শেষ হওয়ার পরেও বেআইনি ভাবে প্রায় সাড় ৪০০ বিঘা জমির মাটি খনন করে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছও কেটে পাচার করা হয়েছে বলে অভিযোগ।
নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডল এবং আরও তিন ব্যক্তি—সঞ্জয় দাস, রঞ্জিত বিশ্বাস ও অশোক হালদার মামলাটি দায়ের করেছেন। মামলায় মূল অভিযুক্ত হিসেবে শাহাজাহান শেখ, চাদু শেখ, হাফিজুল শেখ, হেসমত শেখ, সইদুল শেখ, গোজলো শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কিয়ামত শেখ এবং আরমান শেখের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবীর দাবি, এই সমস্ত কাজের নেপথ্যে অভিষেকের প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ রয়েছে। তিনি বলেন, ‘এ নিয়ে নানা জায়গায় আগেই অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু মাথায় অভিষেক দাদার হাত রয়েছে জানিয়ে ক্রমাগত হুমকি দেখাচ্ছিল অভিযুক্তরা।’
কৃষ্ণনগর সিজেএম আদালতের বিচারক তরুণ কুমার মণ্ডল মামলাটি গ্রহণ করেছেন (কেস নম্বর ৪৩৭/২৬)। আগামী ২৭ জুলাই মামলার পরবর্তী শুনানি। পুলিশকে আগামী ২৭ তারিখের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।