তৃণমূল নেতা স্বরূপ রানার বিষপান করে আত্মহত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল দেওয়ালদিঘি থানার পুলিশ। ধৃতদের নাম কানাইলাল খাঁ, লক্ষ্মীরাম হাঁসদা ও শ্যামল হাজরা। স্বপনের ভাই শ্যামলের অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, হুমকি, তোলাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। ধৃতেরা তিন জনেই বিজেপির সঙ্গে যুক্ত বলে খবর স্থানীয় সূত্রে। পূর্ব বর্ধমানে বিজেপির মুখপাত্র কল্যাণ মাজি বলেন, ‘আইন আইনের পথেই চলবে।’
স্বরূপ বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির দু’বারের কর্মাধ্যক্ষ। গত ২১ জুন তাঁর জগদাবাদের বাড়িতে চড়াও হয়ে তাঁকে, তাঁর স্ত্রী ও নাবালিকা কন্যাকে প্রাণনাশের হুমকি, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে স্থানীয় কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, এর পরে ২২ জুন ফের স্বরূপকে এলাকার একটি আড়তে ডেকে মারধর ও ৫০ লক্ষ টাকা দাবি করেন অভিযুক্তরা। এমনকী সেই ৫০ লক্ষ টাকা না দিলে তাঁর স্ত্রী ও নাবালিকা কন্যাকে খুন করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই গত ২৩ জুন স্বরূপ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর পরেই ঘটনাক্রম লিখিত ভাবে জানিয়ে দেওয়ানদিঘি থানায় অভিযোগ দায়ের করেন স্বরূপের ভাই শ্যামল। সেই অভিযোগেরই তদন্তে নেমে বুধবার দেওয়ানদিঘি থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৯(৩),৩৫১(২)(৩),১২৬(২),১১৫(২),৩০৮(৪),১০৮,৬২ ও ৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।