সিসি ক্যামেরা ও শার্টারের তালা ভেঙে লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর বিষয় হলো, যে দোকানগুলিতে চুরি হয়েছে, তার ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে দিল্লী রোডের পুলিশ ক্যাম্প। ফলে এই ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া-তারকেশ্বর রোডের ধারে একটি বহুতলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে। সেই বিল্ডিংয়েরই দুটি ওষুধের দোকান, একটি স্টেশনারি দোকান, একটি ফাইন্যান্স কোম্পানির অফিসসহ মোট পাঁচটি দোকানে বুধবার রাতে হানা দেয় চোরের দল।
একে একে সবকটি দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে তারা। প্রমাণ লোপাট করতে প্রথমেই ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। এরপর ক্যাশবাক্স ভেঙে লাখেরও বেশি টাকা নিয়ে চোরেরা চম্পট দেয় বলে ব্যবসায়ীদের দাবি।
ব্যবসায়ীদের অভিযোগ, এই এলাকায় চুরির ঘটনা নতুন নয়। দিন কয়েক আগেই সুগন্ধা মোড় এলাকার একটি মাংসের দোকান থেকে ছাগল চুরির ঘটনা ঘটেছিল। তারপর আবার এই ঘটনার জেরে তীব্র আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশ ক্যাম্পের নাকের ডগায় কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ। আশপাশের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায়।