আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা শহর কলকাতায়। খান্না ক্রসিংয়ের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। মৃতদের মধ্যে একজন ডেলিভারি বয় বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ একটি ইলেকট্রিক স্কুটিতে নিয়ে যাচ্ছিলেন তারা। অভিযোগ, দু’জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় স্কুটি নিয়ে তারা আচমকাই ট্রাম লাইনে পড়ে যান।
সেই সময় পিছন থেকে একটি বেসরকারি বাস আসছিল। ওই বাসের চাকা তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনেরই। দুর্ঘটনার পর বাসটিকে আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে। তার খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।