• পুলিশি সক্রিয়তার পর সরকারি আইনজীবীও বদল! তমান্নার পরিবারের আরও এক অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মঙ্গলবার দেখা করেছিলেন কালিগঞ্জে ভোট পরবর্তী হিংসার বলি ছোট্ট তমান্না খাতুনের মা৷ তমান্নার খুনের ঘটনায় বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

    মঙ্গলবার তমান্নার মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাতের পরই তমান্না মামলায় অপ্রত্যাশিত সক্রিয়তা দেখিয়েছে পুলিশ৷ গত ৪৮ ঘণ্টায় তমান্নার খুনের ঘটনায় অভিযুক্ত আরও ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ এবার তমান্নার পরিবারের অনুরোধ মেনে এই মামলার সরকারি আইনজীবীকেও বদল করল রাজ্য সরকার৷

    তমান্নার পরিবারের পক্ষ থেকে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে এই মামলায় সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগের অনুরোধ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে৷ সেই মতো এ দিন বিভাস চট্টোপাধ্যায়কে এই মামলার স্পেশ্যাল পিপি হিসেবে নিযুক্ত করেছে রাজ্য সরকার৷

    গত মঙ্গলবার তমান্নার মা সাবিনা ইয়াসমিন শেখকে কলকাতায় ডেকে পাঠান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তমান্নার মা। এর পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ। মঙ্গলবার রাতেই অভিযুক্ত জিয়ারুল শেখ ও সাবির শেখকে পুলিশ গ্রেফতার করে। বুধবার তাদের আদালতে তোলা হলে দশ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

    এ ছাড়াও ওই দিনই আরও ২ জন অভিযুক্ত ফকর শেখ ও হাফিজুল শেখকে গ্রেফতার করা হয়। অন্য আর এক অভিযুক্ত মিনারুল শেখকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কালিগঞ্জে আনা হচ্ছে। বুধবার গভীর রাতে আরও এক অভিযুক্ত আনিসুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এই তিন জনকে বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে ও ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। আজ সন্ধ্যায় মিলন শেখ এবং রাজাবুল শেখ নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷

    মুখ্যমন্ত্রী নির্দেশের পর ফের ৮ জনকে গ্রেফতার করা হলো। ফলে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও ৫ জন অভিযুক্ত পলাতক, তাদের খোঁজেও চলছে তল্লাশি।
  • Link to this news (News18 বাংলা)