শেষ বয়সের সম্বলটুকুর খোঁজে গিয়ে ট্র্যাজেডি! ব্লক চত্বরে প্রাণ হারালেন বৃদ্ধ, সহায় সম্বলহীন পরিবার
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
: বার্ধক্য ভাতার আবেদন জানাতে এসে আর বাড়ি ফেরা হল না। মানিকচক ব্লক অফিসে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে এসে মৃত্যু হল ৭৬ বছর বয়সি ভোলা চৌধুরী নামে এক বৃদ্ধের। তিনি মানিকচক ব্লকের এনায়েতপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানিকচক ব্লক চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে মানিকচক ব্লক অফিসের সামনে একটি কম্পিউটার দোকানের সামনে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। খবর পেয়ে মানিকচক থানার এক সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মৃতের পাশে থাকা একটি ক্যারিব্যাগ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, প্রয়োজনীয় নথিপত্র এবং কিছু খাবার ও পানীয় জল উদ্ধার হয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, তীব্র গরম ও বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোলা চৌধুরীর পরিবারে একমাত্র মেয়ে রয়েছেন। ৭৬ বছর বয়স হলেও তিনি এতদিন বার্ধক্য ভাতার সুবিধা পাননি। সেই কারণেই নতুন করে আবেদন জমা দিতে এদিন ব্লক অফিসে এসেছিলেন।
মানিকচক ব্লকের কর্মী হিরণ্ময় মণ্ডল জানান, “অফিসে এসে দেখি ব্লক চত্বরে একটি দোকানের সামনে ভিড় জমেছে। দোকানের সামনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। পরে জানতে পারা যায় তাঁর মৃত্যু হয়েছে। শারীরিক অসুস্থতা বা বয়সজনিত সমস্যার কারণেই মৃত্যু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।” এই বিষয়ে মৃত ওই বৃদ্ধের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ সেরাজুল বলেন, “বৃদ্ধ বার্ধক্য ভাতার আবেদন করতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণ হারান। আমরা পরিবারের সঙ্গে রয়েছি। পরিবারকে সরকারিভাবে সমস্ত রকম আর্থিক সহযোগিতা করে দেওয়ার চেষ্টা করব।” এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।