এবার পুজোয় মহার্ঘ দেবী মুর্তি! ১০ শতাংশ বাড়তে পারে প্রতিমার দাম
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
১০ শতাংশ বাড়তে পারে প্রতিমার দাম, এমনটাই আশা মৃৎশিল্পীদের। ডাকের সাজে প্রতিমার চাহিদা এবছর অনেকটা বেশি এমনটাই জানাচ্ছেন তারা। জলপাইগুড়িতে কোন প্রতিমা কত দামে বিকোচ্ছে জেনে নিন।
মা দুর্গার আগমনে এখনও কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই বাংলার বুকে শুরু হয়ে গেছে উৎসবের উন্মাদনা। কলকাতার কুমোরটুলি থেকে শুরু করে জেলার বিভিন্ন পালপাড়া সর্বত্র এখন শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। খড় বেঁধে গড়ে উঠছে প্রতিমার কাঠামো, কোথাও চলছে মাটির প্রলেপ, আবার কোথাও নিপুণ হাতে ফুটে উঠছে দেবীর চক্ষু। প্রতিটি ছোঁয়ায় যেন ধরা পড়ছে একেকটা গল্প, একেকটা আবেগ।
এই সৃষ্টির জাদু দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। মোবাইল ক্যামেরায় বন্দি হচ্ছে প্রতিটি মুহূর্ত। বাঙালির একটাই অপেক্ষা কবে পূর্ণ রূপে আবির্ভূত হবেন জগজ্জননী।তবে এই আনন্দের মাঝেই রয়েছে এক বড় প্রশ্ন এবছর প্রতিমার দাম কতটা বাড়বে? মৃৎশিল্পীদের মতে, গত বছরের তুলনায় এবছর প্রতিমার দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কারণ খড়, পাটের দড়ি, মাটি-সহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন খরচে।
বর্তমানে সাধারণ একচালা দুর্গাপ্রতিমার দাম শুরু হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা থেকে। আকার, নকশা ও সাজসজ্জা অনুযায়ী এই দাম আরও অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে ডাকের সাজের প্রতিমার চাহিদা যেমন বেশি, তেমনি তার দামও থাকে তুলনামূলক উঁচুতে। অন্যদিকে, হাতে গড়া সূক্ষ্ম কারুকাজের প্রতিমাগুলিও কম নয় আকর্ষণে। সব মিলিয়ে এখন প্রতিমা নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে।