মুর্শিদাবাদ পৌরসভায় চরম রাজনৈতিক সংকট! পৌরপতির পর এবার কাউন্সিলরের গণইস্তফা
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
: মুর্শিদাবাদ পৌরসভায় রাজনৈতিক অস্থিরতা ক্রমশ তীব্র আকার ধারণ করছে। পৌরপতি ইন্দ্রজিৎ ধরের পদত্যাগের মাত্র সাত দিনের মধ্যেই এবার ভাইস চেয়ারম্যান-সহ মোট ১২ জন কাউন্সিলর একযোগে পদত্যাগপত্র জমা দেওয়ায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই গণইস্তফার জেরে পৌরসভার বোর্ডের স্থায়িত্ব এবং প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হল।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ পৌরসভার মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে বিজেপির তিনজন কাউন্সিলরকে বাদ দিয়ে বাকি কাউন্সিলরদের অধিকাংশই তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে একজন নির্দল কাউন্সিলরও রয়েছেন। অন্যদিকে, কিছুদিন আগে একজন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় বর্তমানে পৌরসভার রাজনৈতিক সমীকরণ আরও জটিল আকার ধারণ করেছে।
উল্লেখ্য, গত ১৮ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পৌরপতির পদ থেকে আকস্মিক সরে দাঁড়ান ইন্দ্রজিৎ ধর। এরপর থেকেই পৌরসভার অভ্যন্তরে নানা জল্পনা ও অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছিল। বৃহস্পতিবার এই গণপদত্যাগ সেই সংকটকে আরও গভীর করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একসঙ্গে এত সংখ্যক জনপ্রতিনিধির ইস্তফার ফলে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এই গণপদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই মুখ খোলেনি। ফলে ঘটনার নেপথ্যে দলীয় কোন্দল নাকি অন্য কোনও সমীকরণ রয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আপাতত এই অচলাবস্থা কাটাতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর সকলের।
প্রসঙ্গত গত এক সপ্তাহ আগেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর, কান্দি ও মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন পৌর প্রধানরা। আর তারপরেই এবার এই প্রথম জেলার মধ্যে সব পৌর সদস্যরা একসঙ্গে ইস্তফা দিলেন। আগামী কীভাবে পৌর পরিষেবা দেওয়া হবে তা নিয়ে চিন্তিত নাগরিকরাও। পৌর সদস্যরা জানিয়েছেন, পৌর চেয়ারম্যান পদত্যাগের পর বিশেষ কারণেই আমরা আজকে ১২ জন পৌর সদস্য ইস্তফা দিলেন।