'বাড়ি থেকে যখন গেল...', মেয়েকে কলকাতায় খুঁজতে এসে খালি হাতে ফিরেছেন, বৃদ্ধ বাবার চরম অসহায়তা
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
মেয়েকে হারিয়েছেন তিন মাসেরও বেশি সময়। আর সেই মেয়ের খোঁজেই হন্তদন্ত হয়ে ঘুরে যাচ্ছেন বাবা। এই শহর থেকে ওই শহর এ গ্রাম থেকে অন্য গ্রাম দিনরাত এক করে মেয়ের খোঁজ চালাচ্ছেন তিনি। হাত জোড় করে সকলের কাছে ভিক্ষে প্রার্থনা করছেন তাঁর মেয়েকে যদি কেউ দেখতে পায় তাহলে তাকে যেন একবার জানাই। ঠিক যেই দিন থেকে সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় মেয়ে অমৃতা সিংয়ের নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়েছে, সে দিন থেকেই লাগাতার ফোন আসছে।
তবে কেউ খোঁজ দিতে পারছেন না। ফোন করে দিচ্ছেন সান্তনা অথবা পাশে থাকার আশ্বাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়ের জন্য দুশ্চিন্তা, এই তীব্র গরমে মাথার ঘাম পায়ে ফেলে রাস্তায় ঘুরে ঘুরে মেয়েকে খোঁজার মধ্যে এত লোকের ফোন ধরতে ধরতে পারেন কিছুটা ক্লান্ত বাবা অর্ধেন্দু সিংহ। তবে এত লোক যে তাঁর মেয়ের জন্য চিন্তিত, তা দেখে সত্যিই ভাল লাগছে বীরভূমের সিউড়ির ওই বৃদ্ধের।
অর্ধেন্দু সিংহ জানান, “কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক আমাকে ফোন করেছেন। সব রকম ভাবে আমার মেয়েকে খোঁজার চেষ্টা চলছে বলে আশ্বাস দিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক ফোন ঢুকছে। বিভিন্ন জায়গায় মেল পাঠাতে হচ্ছে, এখনই বাড়ি থেকে বেরব সাইবার ক্যাফে গিয়ে একজনকে মেইল পাঠাব। উপার্জন নেই, তবে খরচ হয়ে যাচ্ছে অনেক টাকা, কেমন ভাবে চালাব কোনও সুরাহা পাচ্ছি না, তবে মেয়েকে আমি খুঁজে তারপর শান্তির নিশ্বাস নেব।”
পরিবার সূত্রে জানা গিয়েছে, যেদিন অমৃতা বাড়ি থেকে বেরয় যায় সেদিন নিজের কিছু নথিপত্র হাতে করে নিয়ে বেরিয়েছিল। সিউড়ি থানা তদন্তকারী অফিসারদের সূত্রে জানা গিয়েছে, তরুণী সেই সমস্ত নথি দিয়ে নতুন কোনও সিম কার্ড কিনে ব্যবহার করছেন কিনা সেটাও খতিয়ে দেখা হয়েছে, কিন্তু দেখা গিয়েছে, তরুণীর আধার নম্বরে নতুন কোনও সিম নথিভুক্ত হয়নি। এমনকি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কোনও টাকা তোলা হয়নি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, “প্রথম যেদিন অমৃতা ঘর থেকে বেরিয়ে যায় তাকে শেষবার সিসিটিভি ক্যামেরায় মল্লারপুরে দেখা গিয়েছিল। তবে আমরা শুধু বীরভূম নয়, পড়শি জেলা মুর্শিদাবাদ, বাঁকুড়ার কিছু থানাতেও অমৃতার ছবি পাঠিয়ে খোঁজ চালাচ্ছি। আশা রাখছি খুব শিগগিরই আমরা হারিয়ে যাওয়া মেয়েকে তাঁর বাবার কাছে পৌঁছে দেব।”