• জলঢাকা নদীর তীরে এ কী কাণ্ড, গজরাজের তাণ্ডব দেখতে উপচে পড়ল পর্যটকদের ভিড়
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • মূর্তি-জলঢাকায় হাতিদের দাপট! বর্ষায় অপরূপ সাজে সেজে উঠেছে ডুয়ার্স। প্রকৃতির সৌন্দর্যে মিলিয়ে যেতে তাই এই সময় পর্যটকদের ভিড় ডুয়ার্স এলাকায়। তবে বনের হাতিদের আনাগোনা বিগত কয়েকদিন ধরে বেশ নজরে আসছে স্থানীয় এবং বনকর্মীদের। আর এদের দেখতে ভিড়, তবে সতর্ক বন দফতর!

    লাটাগুড়ি সংলগ্ন মূর্তি ও জলঢাকা নদীর চরে গত কয়েকদিন ধরে চোখে পড়ছে এক রোমাঞ্চকর কিন্তু খানিক উদ্বেগজনক দৃশ্য। দুই পূর্ণবয়স্ক বুনো হাতি কখনও নদীর চরে ঘুরে বেড়াচ্ছে, আবার কখনও নেমে পড়ছে নদীর জলে এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। গরুমারা জাতীয় উদ্যানের আশপাশের এই এলাকা এমনিতেই বন্যপ্রাণের জন্য পরিচিত। তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, যেহেতু জঙ্গলে প্রজনন মরশুম চলছে তাই হাতি দুটি বর্তমানে মত্ত অবস্থায় রয়েছে। এই সময় পুরুষ হাতির আচরণ অত্যন্ত আক্রমণাত্মক হতে পারে, যা যে কোনও মুহূর্তে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

    সম্প্রতি একটি হাতি জলঢাকা নদী পেরিয়ে যাদবপুর চা বাগানে ঢুকে পড়েছিল। বনকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় সেটিকে পুনরায় জঙ্গলে ফেরানো সম্ভব হয়। কিন্তু তাতেও কমেনি কৌতূহল বরং প্রতিদিনই নদীর ধারে মানুষের ভিড় বাড়ছে।

    এই পরিস্থিতিতে বনদফতর বারবার সতর্কবার্তা জারি করছে। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি বুনো হাতির কাছাকাছি না যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আধিকারিকদের দাবি, হাতি দুটির গতিবিধির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকৃতির এই দুর্দান্ত রূপ যতটা আকর্ষণীয়, ততটাই ঝুঁকিপূর্ণ। তাই রোমাঞ্চের টানে নয়, সচেতনতার সঙ্গেই উপভোগ করুন ডুয়ার্সের এই বন্য সৌন্দর্য।
  • Link to this news (News18 বাংলা)