• ১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্টের আবেদন ‘ফি’
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নয়াদিল্লি: পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়! এটি স্রেফ বিদেশে বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথি। সদ্য বিদেশ মন্ত্রক সূত্রে একথা জানানোর পর দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্ক চলাকালীনই আচমকা পাসপোর্টের আবেদনের ফি বৃদ্ধির ঘোষণা করল  কেন্দ্রীয় সরকার। আগে সাধারণ ৩৬ পাতার পাসপোর্টের ক্ষেত্রে দেড় হাজার টাকা এবং ৬০ পাতার ক্ষেত্রে ২ হাজার টাকা দিতে হত। এবার ৩৬ পাতার জন্য পাসপোর্টের আবেদনের সময় দিতে হবে আড়াই হাজার টাকা। আর ৬০ পাতার ফি হবে সাড়ে তিন হাজার টাকা। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে এই বর্ধিত ফি কার্যকর হচ্ছে।

    ফি বাড়ছে তৎকাল পাসপোর্টেরও। ৩৬ পাতার তৎকাল পাসপোর্টের আবেদনের ফি এতদিন ছিল সাড়ে তিন হাজার টাকা। এবার তা বেড়ে হচ্ছে পাঁচ হাজার টাকা। আর ৬০ পাতার ক্ষেত্রে তা হবে ছ’হাজার টাকা। ১৮ বছরের নীচে হলে ৩৬ পাতার ক্ষেত্রে আবেদনের ফি হবে ১ হাজার ৭৫০ টাকা। ৮ বছরের নীচে এবং ৬০ বছরের উপরে বয়স্কদের ক্ষেত্রে নতুন আবেদনের ফিতে ১০ শতাংশ ছাড় মিলবে।  

    পাসপোর্ট ক্ষতিগ্রস্ত হলে কিংবা হারিয়ে গেলে তা নতুন করে করানোর জন্য এবার থেকে ৩৬ পাতার জন্য সাধারণ ক্ষেত্রে লাগবে পাঁচ হাজার টাকা।  আর এক্ষেত্রে তৎকাল আবেদনে চার্জ হবে সাড়ে সাত হাজার টাকা। ৬০ পাতার ক্ষেত্রে ফি বাড়বে আরও এক হাজার টাকা করে। ১৮ বছরের নীচে হলে এভাবে পাসপোর্ট বদলের আবেদনের তৎকাল ফি হবে ৪ হাজার ২৫০ টাকা। 
  • Link to this news (বর্তমান)