তেজস রাজধানীর ভেজ বিরিয়ানিতে মাছি! সংস্থাকে জরিমানা ও নোটিস
বর্তমান | ২৬ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমেদাবাদ-মুম্বই তেজস রাজধানী এক্সপ্রেসের খাবারে মরা মাছি! যাত্রীর অভিযোগে ইতিমধ্যেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কোণঠাসা অবস্থা সামাল দিতে অবশ্য ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ করেছে রেল কর্তৃপক্ষ। খাবার সরবরাহকারী ওই বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরই পাশাপাশি সংস্থার বরাত কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিসও জারি করা হয়েছে। আইআরসিটিসি জানিয়েছে, মঙ্গলার ওই অভিযোগ পাওয়া মাত্রই ট্রেনের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ওই যাত্রীর সঙ্গে দেখা করে ক্ষমা চান। খাবার পাল্টে দেওয়ার কথা জানানো হয়। যদিও ওই যাত্রী ট্রেনের আর কোনো খাবার খেতেই অস্বীকার করেন। এবং অভিযোগ দায়ের করেন রেল কর্তৃপক্ষের কাছে। এরপরই নড়েচড়ে বসে রেলমন্ত্রক। সরকারি সূত্রে জানানো হয়েছে, ওই ট্রেনের যাবতীয় খাবার তোলা হয়েছিল সুরাতের বেস কিচেন থেকে। গত ১৫ জুন ওই বেস কিচেনে নজরদারি চালানো হয়। এরপর গত ১৮ জুন ওই বেস কিচেনে ‘ডিপ ক্লিনিং’ হয়। কিন্তু তারপরও কীভাবে ওই বেস কিচেনে তৈরি ভেজ বিরিয়ানিতে মাছি পাওয়া গেল, সেই প্রশ্নই বড়ো হয়ে উঠছে। রেল কর্তৃপক্ষের সাফাই, প্রতিদিন গড়ে ১৬ লক্ষ ‘মিল’ ট্রেনে সরবরাহ করা হয়। সেই তুলনায় অভিযোগের হার সামান্যই।