• মালদহ থেকে পুলিশের জালে উদয়নের ‘ডান হাত’ বিশু ধর
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, দেওয়ানহাট: উদয়নের পর এবার গ্রেপ্তার হলেন জেলা রাজনীতিতে তাঁর ‘ডান হাত’ বলে পরিচিত দিনহাটার দাপুটে তৃণমূল নেতা বিশু ধর। নির্বাচনের ফল ঘোষণার কয়েকদিন পর আত্মগোপন করেন বিশু। যদিও শেষ রক্ষা হল না। বুধবার রাতে তাঁকে পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার কোমরে দড়ি বেঁধে তাঁকে মালদহ জেলা আদালতে আনা হয়। কোর্টের সরকারি আইনজীবী দেবজ্যোতি সিন্‌হা বলেন, ধৃতকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ আবেদন জানায়। বিচারক দু’দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছেন। 

    ঩দিনহাটা পুরসভায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে আগেই গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হেপাজতে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এবার শিশু মঙ্গল সমিতির গড়ে আর্থিক প্রতারণার মামলায় মালদহ থেকে দিনহাটা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের দিনহাটা শহর ব্লকের প্রাক্তন সভাপতি বিশু ধর।

    উদয়ন গ্রেপ্তারের পর থেকে তাঁকে খুঁজছিল দিনহাটা থানার পুলিশ। বুধবার রাতে দিনহাটা কলেজ সংলগ্ন বাড়িতে হানা দেয় থানার একটি টিম। তাঁর ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে বিশুর ছেলেকে থানায় নিয়ে যায়। ছেলের সূত্র ধরেই মালদহে বিশু ধরের অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপরই মালদহ জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দিনহাটা থানার টিম পাকড়াও করে তাঁকে। 

    বৃহস্পতিবার দুপুরে বিশুকে কোমরে দড়ি বেঁধে মালদহ আদালতে নিয়ে আসা হয়। সিজেএম কোর্টের বিচারক ধৃতকে ট্রানজিট রিমান্ড দেয়। বিকেলের পর ধৃতকে দিনহাটা নিয়ে যাওয়ার জন্য রওনা হয় পুলিশ ভ্যান। এদিকে, আদালতে পেশ করার সময় গ্রেপ্তারের কারণ জানতে চাওয়া হলে বিশু বলেন, শিশুদের একটি হাসপাতাল আছে। সেটির হিসাব-নিকাশে গরমিলের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

    • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)