নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিম মেদিনীপুর জেলায় ফের ১০০দিনের কাজ শুরু হল। আগে ১০০ দিনের কাজ নামে পরিচিত এই প্রকল্প এখন ভিবি জি রামজি নামে চালু হয়েছে। পাশাপাশি কর্মদিবসও বাড়িয়ে ১০০ দিনের পরিবর্তে ১২৫দিন করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পাথরি এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক সুকান্ত সাহা। একসময়ের মাওবাদী উপদ্রুত জঙ্গলমহলের এই এলাকায় নিজে হাতে মাটি কেটে প্রকল্পের সূচনা করেন তিনি। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই জেলার ২০০টির বেশি পঞ্চায়েত এলাকায় কাজ শুরু হয়ে যায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষের কর্মসংস্থানের কথা মাথায় রেখেই পাথরি এলাকাকে উদ্বোধনী কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। এই অঞ্চলের মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল ১০০দিনের কাজ। দীর্ঘদিন প্রকল্প বন্ধ থাকায় বহু পরিবার আর্থিক সংকটের মুখে পড়েছিল। অতিরিক্ত জেলাশাসক বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হবেন।