• নদীয়ায় খাস জমি থেকে গাছ ও মাটি কেটে বিক্রির মামলায় অভিষেকের নাম
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এবার নদীয়ায় আদালতে সরকারি খাস জায়গা থেকে মূল্যবান গাছ ও মাটি কেটে বিক্রির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১১ জনের মামলা দায়ের হল। প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমি দখল, মূল্যবান গাছ কেটে বিক্রি, মাটি পাচার-সহ একাধিক গুরুতর অভিযোগ তুলে নদীয়ার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলেন নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডল সহ পাঁচজন। 

    আদালতে দাখিল করা অভিযোগে করা হয়েছে, নাকাশিপাড়া ব্লকের মৌজা নম্বর ২৪-এর প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমি রয়েছে। যা একসময় রামনগর সুগার মিলের অধীনে খৈতান কোম্পানিকে লিজ দেওয়া হয়েছিল। অভিযোগ, লিজের মেয়াদ শেষ হওয়ার পর সরকারি জমিতে থাকা সেগুন-সহ বহু মূল্যবান গাছ কেটে বিক্রি করা হয়েছে। পাশাপাশি রাতের অন্ধকারে প্রায় সাড়ে চারশো বিঘা জমির মাটি কেটে বিক্রি করা হয়েছে। ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে। সেইসঙ্গে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করলে তাঁদের মারধর, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা নিজেদের প্রভাবশালী তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বলে এলাকায় দাপট দেখাত। 

    পরাশর মণ্ডলের দাবি, বিষয়টি নিয়ে নাকাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং কৃষ্ণনগরে পুলিশ সুপারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

    অভিযোগকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস বলেন, আদালতের কাছে এফআইআর নথিভুক্ত করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ, পূর্ণাঙ্গ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের রিপোর্ট তলবের আবেদন জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)