• আর জি কর মামলা: সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর মামলায় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, সিট গঠন করে যেভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, তা হয়নি। সিবিআইয়ের হাত থেকে তদন্তভার নিয়ে নেওয়া হবে কি না, বৃহস্পতিবার সে প্রশ্নও তুলেছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। 

    আর জি কর কাণ্ডে গত ২১ মে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতিরা জানিয়েছেন, গত এক মাস ধরে তদন্তের সে ভাবে অগ্রগতি হয়নি। বেঞ্চের পর্যবেক্ষণ, ‘গত ১ বছর আট মাস ধরে তদন্ত একই জায়গায় রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছিল। তার পর থেকে তদন্তে কোনও অগ্রগতি হয়নি।’ বিচারপতিদের প্রশ্ন, ‘কী করছে সিবিআই? আমাদের নির্দেশে সব বলা হয়েছিল। কিন্তু তার পরেও সঠিক ভাবে তদন্ত করা হয়নি। আদালতের সময় নষ্ট করা হয়েছে। এক মাস আগে নির্দেশ দিয়েছিলাম। এই সময়ের মধ্যে আশাতীত কোনও তদন্তই করেনি সিবিআই।’ বিচারপতিদের আরও পর্যবেক্ষণ, ‘সিবিআই কি হাইকোর্টেরও উপরে? আমাদের কি সিবিআইয়ের থেকে মামলা নিয়ে নিতে হবে?’ বিচারপতি শম্পা সরকার বলেন, ‘সেমিনার রুম সম্পূর্ণ নষ্ট। তথ্যপ্রমাণ নষ্টের কোনও তদন্ত হয়নি। একই ব্যাক্তিকে ফের পরীক্ষা করেছে। অগ্রগতি কোথায়? দায়িত্বজ্ঞানহীন তদন্ত।’ বিচারপতিদের স্পষ্ট মন্তব্য, আদালতের নির্দেশ কী, সেটাই বুঝতে পারছে না সিবিআই।’ বেঞ্চ আরও জানিয়েছে, ‘এত দিনের তদন্তে কী তথ্য, নথি সংগ্রহ করেছে সিবিআই? ওই ঘটনায় শুধুমাত্র বলা হয়েছে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ কাজ করেছে। কিন্তু তদন্ত রিপোর্টে তার বাইরে কিছু বলা হল না?’ 

    যদিও সিবিআইয়ের আইনজীবী জানান, নির্দেশ হয়তো বুঝতে ভুল হয়েছে। তদন্ত চলছে। প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে। নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায় জানান, সিবিআই যদি সঠিক ভাবে তদন্ত করতে না পারে, তা হলে ওই মামলা সিআইডিকে দেওয়া হোক। এর আগেও আদালতে প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। আদালত প্রশ্ন তোলে, তদন্ত শেষ না-হওয়া সত্ত্বেও ঘটনাস্থলে কী ভাবে লোকজন ঢুকে পড়ছে? সেমিনার রুম-সহ আর জি কর হাসপাতালের যে যে জায়গা ‘সিল’ করা প্রয়োজন, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছিল আদালত। এদিন ফের সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। গত ২১ জুন যে নির্দেশ দিয়েছিল আদালত, তা আবার সিবিআই’কে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। আগামী ৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। 
  • Link to this news (বর্তমান)