এই সময়, খড়গপুর: টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার করা হলো দাঁতন-১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মণিশঙ্কর মিশ্রকে। বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দাঁতন আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়, কাটমানি নেওয়া-সহ একাধিক অভিযোগ ছিল মণিশঙ্করের বিরুদ্ধে। কিন্তু ভয়ে কেউ অভিযোগ করতে পারতেন না।
এ বার এক সিমেন্ট ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ, নেকুড়সিনি রেক থেকে মাল বের করার জন্য টাকা দিতে হতো মণিশঙ্করকে। নতুবা তিনি ব্যবসায়ীদের মাল লোডিং, আনলোডিংয়ে বাধা দিতেন।
এতদিন বাধ্য হয়ে টাকা দিয়ে সেই কাজ করতে হতো। অভিযোগ জানালে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। ফলে ভয়ে কেউ অভিযোগ জানাতে পারেননি। রাজ্যে পালা বদলের পরে অভিযোগ জানাতেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।