• ১ জুলাই সরকারি অফিসে হাফ, ৬ জুলাই ফুল ডে ছুটি, জারি নির্দেশিকা
    এই সময় | ২৬ জুন ২০২৬
  • রাজ্যের বাজেটেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন (৬ জুলাই) উপলক্ষে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার তার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। একই সঙ্গে ১ জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।

    নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল এই ছুটির অনুমোদন দিয়েছেন বলে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে। বলে হয়েছে, ‘ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৬ জুলাই (সোমবার) পশ্চিমবঙ্গে সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে।’

    একই সঙ্গে ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীতেও অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই দিন দুপুর ২টোর পরে সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে,কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিসকে এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়েছে।

    পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের অবদান নিয়ে চর্চা হোক, ইতিহাস সামনে আসুক, এমনই চাইছে রাজ্যের বিজেপি সরকার। শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি স্থাপনের ঘোষণা করা হয়েছে। ৬ জুলাই তার ভূমিপুজো হওয়ার কথা। হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি সংস্কার, তাঁর নামে গ্রন্থাগার এবং পার্ক তৈরি হবে। এই খাতে ইতিমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় গোটা রাজ্যে। সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই দিন পালন করেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়।

  • Link to this news (এই সময়)