• স্থির হয়ে কেন দাঁড়িয়ে ছাগল? স্পর্শ করতেই মৃত্যু কিশোরের! মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল সুতি
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় স্থির হয়ে দাঁড়িয়েছিল একটি ছাগল৷ বুঝতে না পেরে সেই ছাগলকে ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোরের৷ বৃহস্পতিবার এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবদের সুতি৷ মৃত কিশোরের নাম সিমরান শেখ৷

    ছাগলকে বাঁচাতে গিয়ে ১৬ বছরের সিমরানের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে সুতিতে৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণরক্ষা হয়নি ওই কিশোরের৷

    স্থানীয় সূত্রে খবর, সুতির ডিহি গ্রামের বাসিন্দা ছিল সিমরান শেখ৷ রাজমিস্ত্রির কাজ খুঁজতে সুতির বালিয়াঘাটি এলাকায় গিয়েছিল সিমরান৷ সেখানেই একটি ছাগলকে রাস্তার উপরে স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওই কিশোরের৷ ছাগলটির এরকম অস্বাভাবিক আচরণ দেখে এগিয়ে যায় সিমরান৷ ছাগলটির কোনও সমস্যা হচ্ছে কি না তা বুঝতেই সেটিকে ধরে সরানোর চেষ্টা করে ওই কিশোর৷ কিন্তু সিমরান খেয়াল করেনি বিদ্যুতের একটি তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয়েছে ওই ছাগলটি৷ ছাগলটিকে ছোঁয়া মাত্র সিমরানও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই তাকে উদ্ধার করে৷

    ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ কিশোরের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ কাজের সন্ধানে গিয়ে ১৬ বছরের সিমরানের এমন পরিণতি তার পরিবার ও আত্মীয়স্বজন তো বটেই, গ্রামের অন্যান্য বাসিন্দারাও মেনে নিতে পারছেন না৷ মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷

    স্থানীয়রা জানাচ্ছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই ওই বিদ্যুতের তারটি ছিঁড়ে বিপজ্জনক ভাবে মাটিতে পড়েছিল৷ সেই তারে জড়িয়ে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় ছাগলটি৷ বিদ্যুতের তার যে ছাগলটির শরীরে জড়িয়ে রয়েছে, তা বুঝতে না পেরেই বিপদে পড়ে সিমরান৷
  • Link to this news (News18 বাংলা)