• চাষির ছদ্মবেশে ওঁত পেতে ছিল পুলিশ...! বিশেষ 'কৌশলে' হবিবপুরে ধরা পড়ল একাধিক মামলার অভিযুক্ত
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • একাধিক মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত এক সীমান্ত পাচারকারীকে গ্রেফতার করল মালদহের হবিবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীপঙ্কর মণ্ডল। তার বাড়ি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি নুনিয়াপাড়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু, মোষ, মাদকদ্রব্য-সহ বিভিন্ন ধরনের অবৈধ পাচারচক্রের সঙ্গে জড়িত ছিল ওই পাচারকারী। তার বিরুদ্ধে বিএসএফের দায়ের করা একাধিক মামলা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।

    আরও পড়ুন: ঘাঁপটি মেরে ছিল সাক্ষাৎ ‘মৃত্যুদূত’…! স্কুলের পাশেই ধরা পড়ল ৭-৮ ফুটের পদ্মগোখরো সাপ, কী বলছেন বিশেষজ্ঞরা?

    পুলিশের দাবি, মামলাগুলির তদন্তে নেমে হবিবপুর থানা বিশেষ কৌশল গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী থানার আইসি কৌশিক বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন পুলিশকর্মী সাধারণ চাষির ছদ্মবেশে কলাইবাড়ি ব্রিজ এলাকায় ওঁত পেতে থাকেন। অভিযুক্ত সেখানে পৌঁছতেই তাকে ঘিরে ফেলে গ্রেফতার করা হয়। এরপর তাকে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।

    বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মালদহ জেলা আদালতে তোলা হয় ধৃতকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির তদন্ত এখনও চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সক্রিয় পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি জোরদার করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।

    এদিকে, এই গ্রেফতারিকে স্বাগত জানিয়ে শাসক দলের উত্তর মালদহ সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং বলেন, “হবিবপুর থানার পুলিশের এই বিশেষ অভিযান প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক অভিযুক্তকে ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ ও অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেই তিনি আশা প্রকাশ করেন।”

    জিএম মোমিন
  • Link to this news (News18 বাংলা)