২ দিন রাজ্য সরকারি ছুটি জুলাইয়ের শুরুতেই, কবে এবং কেন? জেনে নিন
আজ তক | ২৬ জুন ২০২৬
রাজ্য সরকারের কর্মীদের জন্য দারুণ খবর। আগামী মাসের শুরুতেই দু'টি ছুটি পাবেন তাঁরা। এই যেমন ৬ জুলাই ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্যের অর্থ দফতর। অন্যদিকে পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা: বিধানচন্দ্র রায়ের জন্মদিনেও মিলবে ছুটি। যদিও ১ জুলাই পুরো দিন নয়, বরং হাফ বেলা ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা। বেলা দুটোর পর ছুটি মিলবে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে যে ছুটি মিলবে, সেটা পশ্চিমবঙ্গ বাজেটের দিনই ঘোষণা করা হয়েছিল। পশ্চিমবঙ্গ তৈরিতে তাঁর অবদানকে স্মরণ করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ১ জুলাই ডা: বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে পালিত হবে ডক্টরস ডে বা চিকিৎসক দিবস। রাজ্যের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানেই এই দিনটা পালন করা হবে।
ও দিকে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে এবার বিশেষ আয়োজন করেছে রাজ্য সরকার। তাঁর জন্মদিনে যেমন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, ঠিক তেমনই তাঁকে শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে একগুচ্ছ বিশেষ কর্মসূচি। বিশেষ, স্কুল এবং উচ্চশিক্ষায় একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
স্কুলশিক্ষা দফতর জানিয়েছে, আগামী টানা ১৫ দিন রাজ্যের সমস্ত স্কুলে পালিত হবে ড: শ্যামাপ্রসাদ পক্ষ। এই বিশিষ্ট বাঙালি জীবন, রাজনৈতিক ভাবনা তুলে ধরা হবে পড়ুয়াদের সামনে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ তৈরিতে তাঁর অবদানের কথাও এই সময় সামনে আনা হবে।
স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানা গিয়েছে, এই ১৫ দিন একাধিক শিক্ষামূলক ও সাংস্কৃতিত কর্মসূচি আয়োজন করা হবে। পড়ুয়ারা আলোচনা সভায় অংশগ্রহণ করবে। পাশাপাশি হবে বিতর্ক সভা। পোস্টার তৈরি করবে ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে ড: শ্যামাপ্রসাদের জীবন ও রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা সভা হবে। সেখানেও অনেকেই অংশগ্রহণ করবে।
যদিও শিক্ষা দফতরের এই কর্মসূচি নিয়ে বিরোধীদের একাংশ আঙুল তুলতেও ছাড়েনি। কিন্তু তাতে পাত্তা দিতে নারাজ বর্তমান শাসক দল বিজেপি। এমনকী স্কুল শিক্ষা দফতরও এসবে মাথা গলাতে নারাজ। বরং বিজেপির দাবি, পশ্চিমবঙ্গ গঠনে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু তাঁকে নিয়ে স্বাধীনতা উত্তর বাংলায় তেমন একটা আলোচনা হয়নি। তাঁকে ভুলিয়ে রাখা হয়েছিল। তাই বিজেপি সরকার আসার পরই ডা: শ্যামাপ্রসাদকে পড়ুয়া থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছিল।