• তারাতলার ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন মেয়র ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীচরণ বন্দ্যোপাধ্যায়
    দৈনিক স্টেটসম্যান | ২৬ জুন ২০২৬
  • তারাতলা নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় গ্রেপ্তার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি (অফিসার অন স্পেশ্যাল ডিউটি) ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁকে জেরা করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

    বৃহস্পতিবার সকালে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পুরো নাম নিয়ে শুভেন্দু নিশানা করে বলেন, কলকাতা পুরসভায় কালী না বললে কোনও প্ল্যান হয় না। এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কালীচরণকে প্রথমে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

    প্রশাসনিক সূত্রে দাবি কালীচরণ দীর্ঘদিন ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি শুধু ওসডি হিসেবেই নয়, সাংসদ তহবিল ও বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার হিসেবেও দায়িত্বে ছিলেন। অভিযোগ, কলকাতা পুরসভার একাধিক নির্মাণ প্রকল্পে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

    তদন্তকারীরা জানিয়েছেন, যে গুদামটির ছাদ ভেঙে পড়েছে, তার নির্মাণের অনুমোদন কলকাতা পুরসভার তরফেই দেওয়া হয়েছিল। অভিযোগ, ভবনের নকশায় একাধিক ত্রুটি ছিল এবং নির্মাণের আগে মাটির পরীক্ষাও করা হয়নি। তা সত্ত্বেও কীভাবে অনুমোদন মিলল, সেই বিষয়ে তদন্ত চলছে। এই কারণেই কালীচরণকে জিজ্ঞাসাবাদ করা হয়।

    তারাতলার এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্য হয়েছে এবং ১৯ জন আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গুদামের মালিক সংস্থা বেহারা ব্রাদার্সের কর্ণধার শম্ভুনাত বেহরাও রয়েছেন। পাশাপাশি নির্মাণে অনিয়ম, প্রশাসনিক গাফিলতি এবং সিন্ডিকেট-যোগের অভিযোগও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)