‘তোমার দ্বারা হবে না, আমিই মারব’, পরিকল্পনা বদলে কেতনকে পাহাড় থেকে ধাক্কা সিয়ার প্রেমিকের!
প্রতিদিন | ২৬ জুন ২০২৬
হবু স্বামী কেতন আগরওয়াল দু’বার খুনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন বাগদত্তা সিয়া গোয়েল। শেষে সিয়ার প্রেমিক চেতন ঠিক করেন তিনিই খুন করবেন কেতনকে। সেইমতো মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ওঠার পর সিয়ার ইশারার অপেক্ষা করছিলেন চেতন। ইঙ্গিত পেয়ে মোক্ষম সময়ে তাঁকে ধাক্কা দেয় সিয়ার প্রেমিক। পুলিশি তদন্তে এবার সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা গেছে, কেতন আগরওয়ালকে হত্যার এটি ছিল তৃতীয় প্রচেষ্টা। সিয়া গোয়েল এর আগেও দু’বার তাঁর বাগদত্তা কেতনকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়েছিলেন, তবে তাঁকে খাদে ফেলতে ব্যর্থ হন। সিয়া পুলিশকে জানিয়েছেন, ১৪ জুন দ্বিতীয় প্রচেষ্টা ব্যর্থ হলে চেতন বিচলিত হয়ে ওঠেন এবং সিয়ার সামনে কেঁদেও ফেলেন। ধৈর্য হারিয়ে চেতন সিয়াকে বলেন, ‘তুমি পারবে না। যা করার আমাকেই করতে হবে।’ এরপর ১৮ জুন ফের লোহাগড় দুর্গে যান ওই হবু দম্পতি। সেখানে উপস্থিত ছিল চেতনও। পুলিশের দাবি অনুযায়ী, চেতন চাইছিল যত দ্রুত সম্ভব কেতনকে রাস্তা থেকে সরিয়ে মহাবালেশ্বরে সিয়ার সঙ্গে একান্তে সময় কাটাবেন তাঁরা।
জিজ্ঞাসাবাদে সিয়া স্বীকার করেছেন যে, কেতনকে খাদে ধাক্কা দেওয়ার উপযুক্ত সময় উপস্থিত হলে চেতনকে ইশারা করবেন তিনি। সিয়া বসে পড়বেন এবং তাঁর প্রেমিক ধাক্কা দেবে কেতনকে। পরিকল্পনা মতোই কাজ হয়েছিল। পুলিশের মতে, বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি কেতন। কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দেওয়া হয় তাঁকে। এদিকে, পুলিশ হেফাজতে শুরুতে সিয়া ও চেতন একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। যদিও দুজনেই শেষ পর্যন্ত নিজেদের দোষ স্বীকার করেছেন।
উল্লেখ্য, পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। আগামী নভেম্বরে বিয়ের কথা ছিল সিয়া-কেতনের। তার জন্য ১৭ কোটি টাকা দিয়ে প্রাসাদও বুক করা হয়েছিল। ভাড়া করা হয়েছিল প্রাইভেট জেটও। গত ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে বাগদান সারেন তাঁরা। কিন্তু অর্থের রোশনাইয়ের নেপথ্যে লুকিয়ে ছিল এত অন্ধকার?