• আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি! দিনহাটায় পুলিশের জালে তৃণমূল যুব সভাপতি
    প্রতিদিন | ২৬ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর সন্ত্রাস সৃষ্টির চেষ্টা! এলাকায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে ঘোরাঘুরির অভিযোগে  তৃণমূলের এক যুব নেতাকে আটক করল পুলিশ। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কোচবিহারের দিনহাটার উত্তর বড়শাকদল এলাকার ঘটনা। এই ঘটনায় এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তৃণমূলের ওই যুব নেতাকে আটক করে পুলিশ। তাঁর নাম জয়ন্ত বর্মণ (৩৪)। তিনি উত্তর বড়শাকদল এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, জয়ন্ত বড়শাকদল অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় জয়ন্ত বর্মণের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

    ঘটনার পর জয়ন্তর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। কার কাছ থেকে তিনি এই আগ্নেয়াস্ত্র পেলেন তা জানতে চাইছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

    রাজ্যে পালাবদলের পর দুষ্কর্ম রুখতে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজ্য সরকার। এরপর থেকে দুষ্কৃতীদের বিরুদ্ধে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। দুর্নীতি, তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগে একের পর এক তৃণমূল নেতাকর্মী বর্তমানে জেলবন্দি। এই আবহে এলাকায় সন্ত্রাস তৈরির অভিযোগে আরও এক তৃণমূল নেতাকে পাকড়াও করল পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)