• ডিজেল নীতিতে সংকটে বেকারি শিল্প
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেট্রল পাম্পগুলি থেকে সাধারণ কন্টেনারে ভরে ডিজেল কিনে নিয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় সংকটে পড়েছে রাজ্যের বেকারি শিল্পের ইউনিটগুলিও। এর জন্য রাজ্যে প্রায় ৩ হাজার ইউনিটে পাউরুটি প্রভৃতির উৎপাদন অনেক কমিয়ে কিংবা কোথাও একেবারে বন্ধ করে দিতে হয়েছে। অভিযোগ বেকারি মালিক সংগঠনের। গাড়ি থেকে ডিজেল বের করে কোনোরকমে বেকারি চালাতে হচ্ছে। ইরান যুদ্ধের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে লুজ ডিজেল পাম্প থেকে বিক্রি করার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। এই অবস্থায় কয়েকটি বড়ো বেকারি সংস্থা পাউরুটির দাম পাউন্ডে ৪ টাকার মতো বাড়িয়ে দিয়েছে। যদিও বেকারি মালিক সংগঠনের নেতা আরিফুল ইসলাম দাবি করেছেন, অধিকাংশ বেকারি এখনো দাম বাড়ায়নি। কিন্তু পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় সরবরাহকারী ও খুচরো বিক্রেতারা অনেক জায়গায় পাউরুটির দাম বাড়িয়ে দিচ্ছেন। বেকারি ইউনিটের আভেনগুলি ডিজেলে চলে। এই বিষয়টির নিষ্পত্তির জন্য পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজরং আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছেন।

    পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অরুণ সিংহানিয়া জানিয়েছেন, রাজ্য সরকার চাইলে কোনো বিশেষ ক্ষেত্রকে এই বিধিনিষেধ থেকে ছাড় দিতে পারে। ইতিমধ্যে ফিশারি, প্রাণীসম্পদসহ কয়েকটি ক্ষেত্রকে রাজ্য ছাড়ও দিয়েছে। কিন্তু কৃষি, স্বাস্থ্যসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখনো ছাড় না-পাওয়ায় তাদের পাম্প থেকে লুজ ডিজেল দিতে বিধিনিষেধ আছে।
  • Link to this news (বর্তমান)