নতুন ধারাবাহিকে সুস্মিতা, সাহেবের পরে ‘কথা’র বিপরীতে নায়ক কে?
এই সময় | ২৬ জুন ২০২৬
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। অভিনেতা সাহেবের সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন ছুঁয়েছিলেন তিনি। অভিনেত্রী সুস্মিতা দে। যিনি ‘কথা’ দিয়েছিলেন শীঘ্রই ফিরবেন মেগায়। সপ্তাহখানেক আগেই রটেছিল খবর। নতুন একটি ধারাবাহিকের মুখ হয়ে আবারও ফিরছেন অভিনেত্রী। সাহেবের সঙ্গে হিট জুটি সুস্মিতার বিপরীতে এ বার নায়ক কে?
এর আগে শোনা গিয়েছিল সুস্মিতা দুটি প্রযোজনা সংস্থায় লুক সেট করেছেন। অভিনেত্রী নিজেই বলেছিলেন কোন ধারাবাহিক চূড়ান্ত করবেন ঠিক করেননি। তবে সূত্র বলছে, ‘ব্লুজ়’-এর সঙ্গেই হতে চলেছে সুস্মিতার পরবর্তী কাজ। তবে সকলের মনে একটাই প্রশ্ন, অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে কোন নায়ককে? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, বৃহস্পতিবার নাকি প্রোমোর শুটিং হয়ে গিয়েছে।
সূত্রের খবর, সুস্মিতার সঙ্গে জুটি বাঁধছেন কোনও চেনা মুখ নয়, একেবারে নতুন নায়ক। তাঁর নাম নাকি সৌম্য। এখন সকলেই মুখিয়ে নতুন ধারাবাহিকের এক ঝলক দেখার অপেক্ষায়। এ বারের গল্প খানিক অন্যরকম হবে বলে শোনা যাচ্ছে। মহিলাকেন্দ্রিক গল্পে দেখা যেতে পারে মৈত্রেয়ী মিত্র ও মৌসুমী সাহাদের।
ধারাবাহিকের বিষয়ে যদিও এখনই মুখ খুলতে নারাজ সুস্মিতা। বরং, সময় এলে সবটা নিজেই প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এ ব্যাপারে এখনও মুখ খোলেননি চ্যানেল বা প্রযোজনা সংস্থাও। তবে দীর্ঘদিন পরে সুস্মিতাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে অনুরাগীরাও।