• আদালত চত্বরে সওয়াল-জবাবের খেলায় সোহিনী, অয়ন চক্রবর্তীর ফ্রেমে এবার কোন চরিত্রে অভিনেত্রী
    আজকাল | ২৬ জুন ২০২৬
  • একটি খুন, আর সেই খুনের তদন্তে উঠে আসবে গোপন সত্যি। আদালত চত্বরে চলবে সওয়াল-জবাবের খেলা। এরকমই টানটান উত্তেজনা নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন অভিনেত্রী সোহিনী সরকার। হইচই-এ আসছে এক কোর্ট রুম ড্রামা। পরিচালনায় অয়ন চক্রবর্তী। অয়ন চক্রবর্তীর পরিচালনায় বরাবরই রহস্য দানা বেঁধেছে‌। এবারও তার অন্যথা হল না।

    টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি শুটিং শুরু হয়েছে এই সিরিজের। তবে এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। আর কিছুদিনের মধ্যেই হইচই-এর পক্ষ থেকে ঘোষণা করা হবে সোহিনী অভিনীত এই সিরিজের। দর্শক শেষবার অয়নের পরিচালনায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখেছিলেন গোয়েন্দার ভূমিকায়। 'ঠাকুমার ঝুলি' সিরিজে ঠাকুমার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। এটাই তাঁর অভিনীত শেষ সিরিজ।

    অন্যদিকে, সোহিনীকে হইচই-এর পর্দায় দর্শক শেষ দেখেছিলেন 'সম্পূর্ণা ২' সিরিজে। সম্প্রতি এই সিরিজের হিন্দি রিমেক হয়েছে জি ফাইভে।

    প্রসঙ্গত, টলিপাড়ার অন্দরের জোর গুঞ্জন দুই থেকে তিন হচ্ছেন জনপ্রিয় তারকা দম্পতি। একজন অভিনয় জগতের অন্যজন গানের জগতের মানুষ। বছর দুয়েক আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলি। শোনা যাচ্ছে, এবার নাকি এই দম্পতির কোলে আসছে নতুন সদস্য। যদিও এই গুঞ্জনে এখনও পর্যন্ত মুখ খোলেননি এই তারকা দম্পতি। কিন্তু টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, এই খবর পাকা‌। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে নারাজ তাঁরা। তবে খবর, অন্তঃসত্ত্বা অবস্থায় নাকি এই সিরিজের শুটিং করছেন সোহিনী।
  • Link to this news (আজকাল)