• স্বভাবে হাসিখুশি, বুদ্ধিতে ক্ষুরধার, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান মহেশ দীক্ষিতকে চেনেন?
    এই সময় | ২৬ জুন ২০২৬
  • ২০১৯ সালের অগস্ট মাস। জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হলো ৩৭০ ধারা। গোটা কাশ্মীর উপত্যকায় তখন সেনাবাহিনীতে ছয়লাপ। যে কোনও ধরনের অশান্তির ঘটনা রুখতে তৎপর প্রশাসন। সেই সময়ে প্রশাসনের সবথেকে বড় অস্ত্র ছিল ইন্টেলিজেন্স ইনপুট। নির্ভেজাল গ্রাউন্ড রিপোর্ট বড়সড় নাশকতা বা ষড়যন্ত্র রুখতে সাহায্যে করেছিল অনেকটাই। তার পুরোধা ছিলেন তৎকালীন সময়ে শ্রীনগরে ইন্টেলিজেন্স ব্যুরোর ‘সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো’ (এসআইবি)-র প্রধান। নাম মহেশ দীক্ষিত। তাঁকেই ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)-র প্রধান করা হলো।

    গোয়েন্দা কাহিনি বা উপন্যাসে যুগ যুগ ধরে বিভিন্ন চরিত্রায়ন মনে গেঁথে রয়েছে অনেকেরই। সুঠাম দীর্ঘকায় চেহারা, শার্প জ-লাইন, স্বভাবে গাম্ভীর্যের ছাপ থাকা বাঞ্চনীয়। তবে মহেশের সহকর্মীরা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আইবি-র হাতেগোনা যে কয়েকজন কর্মকর্তাকে সবসময় হাসিখুশি দেখা যায়, মহেশ তাঁদেরই একজন। যে কোনও জটিল সমস্যার সমাধানে তাঁর ওপর নিঃসন্দেহে ভরসা করা যায়। যে কোনও বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে তাঁর গভীর ও স্বচ্ছ ধারণা রয়েছে তাঁর।

    ১৯৯৩ ব্যাচের আইপিএস মহেশ দীক্ষিত অন্ধ্রপ্রদেশ ক্যাডারের অন্তর্গত। তিনি বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোতে (আইবি) বিশেষ পরিচালক হিসেবে কর্মরত, যা আইবির দ্বিতীয় সর্বোচ্চ পদ। শ্রীনগরে ইন্টেলিজেন্স ব্যুরোর ‘সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো’ (এসআইবি)-র প্রধান হিসেবে কাশ্মীরে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন দীক্ষিত—যার আওতাধীন এলাকায় জম্মু-কাশ্মীরের পাশাপাশি লেহ-র গোয়েন্দা কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল। ৩৭০ ধারা বাতিলের পরবর্তী অত্যন্ত সংবেদনশীল সময়ে তিনি এই দায়িত্ব সামলেছেন।

    সহকর্মীদের মতে ৩৭০ ধারা বাতিলের পরবর্তী সময়টি ছিল অত্যন্ত সংকটপূর্ণ। গ্রাসরুট লেভেলে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক এবং অভিজ্ঞতার জন্য পরিচিত দীক্ষিত অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনা করেন। গোয়েন্দা সংস্থা, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় সাধন থেকে শুরু করে কৌশল নির্ধারণ ও তার বাস্তবায়ন তদারকি— প্রতিটি বিষয়ই তিনি অত্যন্ত আত্মবিশ্বাস ও নিখুঁতভাবে সামলেছিলেন।

    নিজের পেশায় সাফল্যের জন্যে ‘প্রেসিডেন্টস পুলিশ মেডেল’ (২০১৬), ‘পুলিশ মেডেল’ (২০০৯) এবং ‘পুলিশ অভ্যন্তরীণ সুরক্ষা সেবা পদক’ (২০০৪)-এ ভূষিত হয়েছেন মহেশ। এ বার তিনিই দেশের গোয়েন্দা প্রধান।

  • Link to this news (এই সময়)