সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল পেশ হতে পারে। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, বিজেপি নির্বাচনের আগেই সংকল্প পত্রে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করার কথা জানিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার জানালেন, গুজরাট, অসম, গোয়ায় যে ভাবে এই আইন চালু হয়েছে, পশ্চিমবঙ্গেও সেই ভাবেই হবে।
ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপনে শুক্রবার সকালে কলেজ স্ট্রিটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘ইউনিফর্ম সিভিল কোড বাংলায় হবে। একটি প্রসিডিওর আছে। আমরা বিধানসভায় সবটা জানাব। একটি কমিটি তৈরি করা হবে। কর্মরত বিচারপতির নেতৃত্বে সেই কমিটি হবে।’
বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার (২৯ জুন) মোট পাঁচটি বিল পেশ করা হবে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ‘অভিন্ন দেওয়ানি বিধি ২০২৬’ বিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্পিকার রথীন্দ্র বসুর ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে বিলটি পেশ করার কথা জানানো হয়েছে। বর্তমানে সারা দেশের মধ্যে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় এই বিল পাশ করা হয়েছে। সে ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাজ্যে এই বিল পাশ হলেও পশ্চিমবঙ্গ হবে চতুর্থ রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে।
এই বিল বিধানসভায় পেশ করার পরে আলোচনার সময় দেওয়া হবে। মুখ্যমন্ত্রী-সহ বিজেপি বিধায়ক ও বিরোধী দলের বিধায়করাও এই আলোচনা পর্বে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ব্যক্তিগত আইন, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের বিষয়ে অভিন্ন আইনি কাঠামো তৈরির জন্যে ‘ইউনিফর্ম সিভিল কোড’-এর প্রস্তাব করা হবে বিজেপির তরফে।