• শ্বশুরবাড়ি থেকে জুটল একের পর এক ছুরিকাঘাত! কারণ কী? হাড়হিম করা ঘটনা...
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • শ্বশুরবাড়িতে এসে ছুরিকাহত হলেন জামাই। নদিয়ার ওই যুবক আলিপুরদুয়ার শহরের বিধান পল্লিতে এসে শ্বশুরবাড়ির লোকের দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ৷ প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তিই এর জন্য দায়ী৷ স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুরদুয়ার স্টেশনের কাছে নদিয়ার ওই যুবককে ছুরির আঘাত করা হয়।

    দিন কয়েক আগে, পারিবারিক অশান্তির জেরে শ্বশুরকে খুনের অভিযোগ ওঠে জামাইয়ের বিরুদ্ধে। এদিন রাতে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন ভাটার রাস্তা থেকে উদ্ধার হয় কাজি মোজাফফার আহমেদ (৪৯)-এর মৃতদেহ। ঘটনাস্থল থেকে  মৃত ব্যক্তির মোটর বাইক এবং একটি চার চাকার গাড়ি উদ্ধার করে পুলিশ। অভিযোগ, শ্বাসরোধ করে খুন করার পর ঘটনাটিকে অন্য খাতে প্রবাহিত করতে মৃতের মুখে বিষ ঢেলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে নিহতের জামাই শামিম গাজি-সহ দু’জনকে আটক করে পুলিশ। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে।

    বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল জানিয়েছেন, “এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং ঠিক কী কারণে এই খুন, তা তদন্ত করে দেখা হচ্ছে।” ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ধৃতদের এদিন আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)