মাঠে আর নষ্ট হবে না ফসলের অবশিষ্টাংশ! কুলতলিতে মহিলাদের বিশেষ প্রশিক্ষণ, উপকারে আসবে সবার
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
: এবার কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরীতে ফসল ও সবজির অবশিষ্টাংশ যা ফেলে দেওয়া হয়, সেই সঙ্গে ধান কেটে নেওয়ার পর মাঠে পড়ে থাকা খড় সমস্ত কিছু নিয়ে বিকল্প ভাবনার চিন্তা করা হচ্ছে। স্থানীয় মহিলাদের এ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার ফলে খুশি স্থানীয় মহিলারা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে মহিলারা নিজেরাই তৈরি করছেন বিশেষ ধরণের সিমেন্টের বেড়। এরপর সেগুলি বসানো হচ্ছে মাঠের ধারে। সেখানে খড়, সবজির অংশ ফেলা হচ্ছে। যেখান থেকে সহজেই গবাদি পশু, গরু, ছাগল তাদের খাবার খেতে পারছে।
এছাড়াও খাবার বেশি হলে সেখান থেকে জৈব সার তৈরিও করা যাবে ভবিষ্যতে। লোকমাতা রানী রাসমণি মিশন এই কাজ করছে স্থানীয় মহিলাদের এই প্রশিক্ষণ দিচ্ছে। যার ফলে খুবই খুশি স্থানীয়রা। বিকল্প এই ভাবনা গ্রামবাসীদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠছে। এ নিয়ে প্রশিক্ষক দেবাশিষ সরদার জানিয়েছেন, এই কাজে মহিলাদের অংশগ্রহণকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারাই এই কাজ করছে। এরফলে আগামী দিনে গবাদি পশুর চাষ সহজ হয়ে উঠবে এবং মাঠে ফসলের অবশিষ্টাংশ পড়ে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
গবাদি পশু তো খাবার খাবেই সেই সঙ্গে প্রচুর পরিমাণে এই অবশিষ্টাংশ জমতে থাকলে আগামীদিনে এখান থেকেই জৈব সার তৈরি করা যাবে। যার ফলে ভবিষ্যতে এই ছোট প্রচেষ্টা থেকে বড় ফল মিলবে। প্রশিক্ষণ নিয়ে মহিলারা এই কাজে হাত লাগিয়েছেন। এ নিয়ে আঙ্গুর বালা দাস নামের এক মহিলা জানিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, ভালভাবে কাজ চলছে। এখন দেখার কতটা সফলতা পায় এই কাজ।